মিশিগানে সীসায় বিষাক্ত পানি, সেনা মোতায়েন
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ফ্লিন্ট শহরে সরবরাহ করা পানিতে বিষাক্ত সীসার উপস্থিতি পাওয়া গেছে।
এ পানি দূষণ সঙ্কটে শহরের অধিবাসীদেরকে বোতলের পানি ও ফিল্টার সরবরাহ করার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন রাজ্য গভর্নর রিক স্নাইডার।
সম্প্রতি শহরটির শিশুদের রক্ত পরীক্ষায় বেশিমাত্রায় সীসার উপস্থিতি ধরা পড়ার পর অধিবাসীদের সহায়তায় এ পদক্ষেপ নিলেন স্নাইডার।
বিবিসি জানায়, রাজ্য ব্যবস্থাপনায় অর্থ বাঁচাতে ২০১৪ সালে ডেট্রয়েট থেকে পানি নেওয়া বন্ধ করে ফ্লিন্ট নদী থেকে পানি সরবরাহ শুরু করে মিশিগান। এরপর থেকেই শহরটিতে সরবরাহ করা পানিতে বেশি মাত্রায় সীসা দূষণ ঘটেছে।
নদীর পানির সীসা দূষণ থেকে দূষিত হয়েছে বাড়িতে সরবরাহ করা কলের পানিও। অক্টোবরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে সরবরাহের পানি এবং শিশুদের রক্তেও বেশি মাত্রায় সীসা উপস্থিতি ধরা পড়েছে।
এ পরিস্থিতিকে ‘সঙ্কট’ অভিহিত করে গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করেন রাজ্য গভর্নর স্নাইডার।
শহরটির অধিবাসীর সংখ্যা ৯৯ হাজার। তাদের সহায়তায় শুক্রবারের মধ্যে ৩০ জনেরও বেশি ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে খবরে।
