২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফুটেজ ভুয়া'

উত্তর কোরিয়া সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এএলবিএম) পরীক্ষা চালানোর যে ছবি প্রকাশ করেছে তা ভুয়া বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-ভিত্তিক একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jan 2016, 10:09 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

৬ জানুয়ারি চতুর্থবারের মত পারমাণবিক অস্ত্রের (হাইড্রোজেন বোমার) সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনকে নাড়িয়ে দেয় উত্তর কোরিয়া।

এর দুইদিন পর শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে বলা হয়, উত্তর কোরিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে এবং ডিসেম্বরে তারা সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

যদিও সরকারের ওই দাবি নিয়ে খোদ উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ ও বিশ্লেষকরাই সন্দেহ প্রকাশ করেছে।

ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটির ‘জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজ’ এর (সিএনএস) জ্যেষ্ঠ গবেষণা সহকারী মেলিসা হানহাম ইমেইলে রয়টার্সকে বলেন, “রকেটটি নিক্ষেপ করা হয়, আলো জ্বলতে শুরু করে এবং তারপর দুর্ভাগ্যজনকভাবে সেটি বন্ধ হয়ে যায়।”

“ভিডিও এডিটিংয়ের সাহায্যে বিষয়টি লুকানোর চেষ্টা করেছে উত্তর কোরিয়া।”

সিএনএস’র বিশ্লেষকরা ভিডিও থেকে নেওয়া দুইটি ছবি দেখান। যেখানে দেখা যায়, আগুন ক্ষেপণাস্ত্রটিকে ঘিরে ফেলছে এবং সেটির কিছু অংশ ভেঙে পড়ছে।

হানহাম বলেন, “এজন্য তারা ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া ছবি ব্যবহার করেছে এবং এডিটিংয়ের মধ্যমে বিষয়টি ঠিকঠাক করেছে।”

 শনিবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়, খুব সম্ভবত উত্তর কোরিয়া ভিডিওটি পরিবর্তন (মোডিফাই) করেছে। তারা ২০১৪ সালে স্কুড ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভিডিও এর সঙ্গে যোগ করেছে।

যদিও সেনাবাহিনীরই অন্য এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, মে মাসে তারা যে পরীক্ষা চালিয়েছিল সেটির তুলনায় এবার তাদের নিক্ষেপণ প্রযুক্তি আরও উন্নত হয়েছে সেটাও হতে পারে।