প্যারিস হামলা: পলাতক জিহাদির সিসিটিভি ফুটেজ মিলেছে
প্যারিসে হামলার পর পলাতক এক সন্দেহভাজন সালাহ আব্দেস্লামের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে বলে জানিয়েছে একটি ফরাসি টিভি।
বিএফএম টিভিতে প্রকশিত ওই ছবিগুলো ফ্রান্সের একটি পেট্রোল স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ১৪ নভেম্বর সকালে ধরা পড়েছে।
১৩ নভেম্বর রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি স্থানে প্রায় একই সময়ে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হয়।
সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ওই ছবিতে সালাহ আব্দেস্লামকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে। প্যান্টের পকেটে হাত দিয়ে হাঁটতে দেখা যায় তাকে।
পুলিশের ধারণা, সালাহ আব্দেস্লামই প্যারিস হামলাকারীদের অস্ত্র ও গোলাবারুদসহ প্রয়োজনীয় সরঞ্জামা সরবরাহ করেছিলেন।
হামলার পরদিন সকালে হয়ত তিনি তার দুই বন্ধু মোহাম্মদ আমরি ও সালাহ হামজাকে ডেকে পাঠান এবং তাকে প্যারিস থেকে বেলজিয়ামে নিয়ে যেতে সাহায্য করতে বলেন।
তিনটি পুলিশ চেকপোস্ট পেরিয়ে তাদের ওই পেট্রোল স্টেশন পর্যন্ত যেতে হয়। কিন্তু তখনও আব্দেস্লাম সম্পর্কে প্যারিসের পুলিশ জানতে না পারায় তাদের থামানো হয়নি।
আমরি ও হামজা ব্রাসেলসের লেকেন জেলায় আব্দেস্লামকে নামিয়ে দেয় বলে বিএফএম’র প্রতিবেদনে জানানো হয়।
পরদিন মলেনবেক জেলা থেকে আমরি ও হামজাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। আব্দেস্লাম এখনও পলাতক।
প্যারিস হামলা পরিকল্পনার অন্তত কিছু অংশ ব্রাসেলসে বসে করা হয়েছিল বলে বিশ্বাস তদন্ত কর্মকর্তাদের। বেলজিয়াম পুলিশ এখন পর্যন্ত ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১০জনকে গ্রেপ্তার করেছে।
সন্দেহভাজন ‘মূল পরিকল্পনাকারী’ নিহত আব্দেলহামিদ আবাউদ বেলজিয়ামের নাগরিক।
