শরণার্থীদের অস্ট্রিয়ায় ফেরত পাঠাচ্ছে জার্মানি
জার্মানি নতুন বছরের শুরু থেকে প্রতিদিন অধিক সংখ্যক শরণার্থীকে অস্ট্রিয়ায় ফেরত পাঠাচ্ছে বলে জানিয়েছে অস্ট্রীয় পুলিশ।
পুলিশের বরাতে বিবিসি বলছে, শরণার্থীদের অনেকের কাছেই বৈধ কোনো কাগজপত্র নেই। অন্যরা আশ্রয়প্রার্থী হিসেবে জার্মানিতে আবেদন না করে অন্যান্য দেশ, বিশেষ করে স্ক্যান্ডিনেভীয় দেশগুলোতে আবেদন করতে করতে চায়।
জার্মানির কোলনে বর্ষবরণ উদযাপনের সময় নারীদের যৌন নিপীড়নের ঘটনায় শরণার্থীদের দায়ী করা হয়েছে। এ নিয়ে চাপে আছেন দেশটির শরণার্থী-বান্ধব চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।
যেসব শরণার্থীকে ফেরত পাঠানো হচ্ছে তাদের মধ্যে সিরীয় শরণার্থী তেমন নেই। জার্মানি সাধারণত সিরীয় শরণার্থীদের আশ্রয় দিয়ে থাকে।
এসব শরণার্থীর অধিকাংশই আফগানিস্তান, মরক্কো ও আলজেরিয়া থেকে আসা বলে জানিয়েছে অস্ট্রীয় পুলিশ।
আপার অস্ট্রিয়া রাজ্য পুলিশের মুখপাত্র ডেভিড ফার্টনার বলেন, “ফেরত পাঠানো শরণার্থীর সংখ্যা প্রতিদিন বেড়ে গেল ডিসেম্বরে ৬০জন থেকে শুরু হয়ে চলতি বছরের প্রথম থেকে ২০০ জনে এসে দাঁড়িয়েছে।”
কোলনের ঘটনায় সন্দেহভাজন ১৯ জনের মধ্যে ১৪ জন মরক্কো ও আলজেরিয়া থেকে আসা। এদের মধ্যে দশজন শরণার্থী হিসেবে আশ্রয়প্রার্থী এবং তাদের নয়জন ২০১৫ সালের সেপ্টেম্বরের পর জার্মানিতে এসেছেন।
অন্য নয়জন সম্ভবত অবৈধভাবে জার্মানিতে আছেন, জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গেল সপ্তাহে সুইডেন ডেনমার্ক থেকে ভ্রমণে আসাদের উপর নিয়ন্ত্রণ আরোপ করে শরণার্থীর স্রোতে বাধা দেওয়ার কথা ঘোষণা করে। দেশটি অনেক শরণার্থীর পছন্দের গন্তব্য।
২০১৫ সালে প্রায় ১১ লাখ শরণার্থী আশ্রয়প্রার্থী হিসেবে জার্মানিতে হাজির হয়েছেন।
