দ. কোরিয়ার আকাশে বি-৫২ বোমারু বিমান ওড়াল যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘোষণা দেওয়া নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দক্ষিণ কোরিয়ার আকাশে শক্তিশালী বি-৫২ বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র।
বিমানটি রোববার উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী একটি বিমান ঘাঁটির ওপর খুব নীচ দিয়ে উড়ে যায়।
পশ্চিম প্রশান্ত মহাসাগরের গুয়াম বিমান ঘাঁটি থেকে ওড়া বি-৫২ বিমানটি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম।
বি-৫২ বোমারু বিমানটির পাশপাশি যুক্তরাষ্ট্রের এফ-১৬ এবং দক্ষিণ কোরিয়ার এফ-১৫ যুদ্ধবিমান দুইটিও ওসান বিমান ঘাঁটির খুব নীচ দিয়ে উড়ে আবার গুয়াম বিমান ঘাঁটিতে ফিরে যায়।
সিউলের দক্ষিণে ওসান বিমান ঘাঁটিটি উত্তর কোরিয়া সীমান্ত থেকে সর্বোচ্চ ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “উত্তর কোরিয়ার সাম্প্রতিক উস্কানিমূলক কার্যক্রমের জবাব এটি।”
লেফ্টেনেন্ট জেনারেল ট্যারেন্স ও’ সগনোসি বলেন, “রিপাবলিক অব কোরিয়ার (দক্ষিণ কোরিয়া) সুরক্ষা ও কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতা বজায় রাখার যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছে তা আমরা বজায় রাখব।”
বুধবার সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালানোর কথা ঘোষণা করে উত্তর কোরিয়া। যদিও অস্ত্র বিশেষজ্ঞদের ধারণা ছিল তারা হাইড্রোজেন বোমা পরীক্ষা চালিয়েছে।
এক পর্যায়ে উত্তর কোরিয়া স্বীকার করে তারা হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক যুদ্ধের হুমকির বিরুদ্ধে এটি তাদের আত্মরক্ষার উদ্যোগ।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ কিম এর বরাত দিয়ে জানায়, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে সমালোচনার অধিকার কারও নেই।
জং উন বলেন, “ডেমক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার (উত্তর কোরিয়া) এইচ-বোমা পরীক্ষা আত্মরক্ষার একটি উদ্যোগ। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সম্রাজ্যবাদীদের পারমাণবিক যুদ্ধের হুমকির বিরুদ্ধে আঞ্চলিক নিরাপত্তা এবং নির্ভরযোগ্যভাবে কোরীয় উপদ্বীপে শান্তিরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
“এটা একটি সার্বভৌম দেশের আইনি অধিকার । এটি একটি স্বচ্ছ কার্যক্রম এবং এ নিয়ে কেউ সমালোচনা করতে পারে না।”
এ নিয়ে চতুর্থবারের মত পারমাণবিক বোমা পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।
কূটনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে চীন উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মিত্র। এবারের পরীক্ষায় পর চীনও ক্ষোভ প্রকাশ করেছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা কোনো সূত্রের উল্লেখ না করে জানায়, যুক্তরাষ্ট্র আগামী মাসে পরমাণু শক্তি সমৃদ্ধ একটি বিমানবাহী যুদ্ধ জাহাজ কোরীয় উপদ্বীপে পাঠানোর চিন্তা ভাবনা করছে।
রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে কোরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, এ পরিকল্পনার বিষয়ে তারা কিছু জানে না।
