মিশরে হোটেলে ‘জঙ্গি’ হামলায় ৩ পর্যটক আহত
মিশরের রেড সি রিসোর্টে একটি হোটেলে সন্দেহভাজন জঙ্গিদের ছুরিকাঘাতে তিন পর্যটক আহত হয়েছে।
মিশরের পররাষ্ট্র মণ্ত্রনালয় জানায়, শুক্রবার সন্ধ্যায় হুরগাদা শহরের সমুদ্র সৈকতের নিকটবর্তী বেলা ভিস্তা হোটেলে ওই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের মধ্যে অন্তত একজনকে গুলি করে হত্যা করেছে।
আহত তিন পর্যটকের দুই জন অস্ট্রিয়া ও একজন সুইডেনের নাগরিক।
এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা সমুদ্র পথে সৈকতে এসেছে। তাদের কাছে একটি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বোঝাই একটি বেল্ট (আত্মঘাতী হামলাকারীরা ব্যবহার করে) ছিল।
এ ঘটনার পর ওই এলাকার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যাপক তল্লাশি অভিযান চলছে।
ঘটনার সময় নরওয়ের নাগরিক জন টর্প ওই হোটেলে ছিলেন।
নরওয়ের একটি পত্রিকাকে তিনি বলেন, “আমি আমার কক্ষে বসে একজনের চিৎকার শুনতে পাই এবং দৌড়ে বারান্দায় যাই। সেখানে গিয়ে আমি দেখি এক ব্যক্তি কালো রংয়ের একটি পতাকা নাড়ছে যেটার ওপর সাদা রংয়ে কিছু লেখা আছে। ওই ব্যক্তি জোরে জোরে চিৎকার করছিল।”
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেটের (আইএস) পতাকার রং কালো এবং ভেতরে সাদা রংয়ে আরবিতে লেখা রয়েছে।
