উত্তরের বোমা পরীক্ষা: জেনন গ্যাস পেল দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানোর পর দক্ষিণ কোরিয়ায় সামান্য মাত্রায় জেনন গ্যাসের উপস্থিতি সনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির আণবিক নিরাপত্তা সংস্থা।
উত্তর কোরিয়া গত বুধবার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেয়। তবে ওই পরীক্ষার কারণেই জেনন গ্যাস পাওয়া গেছে কিনা তা নিশ্চিত হতে আরও নমূনা সংগ্রহ ও সেগুলো বিশ্লেষণ করা প্রয়োজন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি।
যে পরিমাণ জেনন গ্যাসের উপস্থিতি দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা সনাক্ত করেছে সেটি সাধারণ মাত্রা ছাড়িয়ে যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, যে পরিমাণ জেনন সনাক্ত হয়েছে তা থেকে স্পষ্ট করে বলা যাচ্ছে না যে উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমারই বিস্ফোরণ ঘটিয়েছে।
উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি নিয়ে অনেক দেশ এবং পারমাণবিক বিশেষজ্ঞই সন্দেহ প্রকাশ করেছে।
হাইড্রোজেন বোমা এটম বোমা থেকেও বহুগুণ শক্তিশালী ও ধ্বংসাত্মক।
