২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণে যৌন নিপীড়ন: জার্মান পুলিশের সমালোচনা, বিক্ষোভ

জার্মানির কোলন শহরে বর্ষবরণ উৎসবে ভিড়ের মধ্যে নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় পুলিশের কড়া সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডে মাইৎসিয়ারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 08:55 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে শত শত মানুষ কোলন স্টেশনের কাছে বিক্ষোভ করেছে। এধরনের নির্লজ্জ আক্রমণ এবং রাজনৈতিক নেতাদের এ বিষয়ে ত্বরিত ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

গত বৃহস্পতিবার রাতে নতুন বছরকে স্বাগত জানাতে কোলন সিটি সেন্টার ও এর আশেপাশের এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়। ভিড়ের সুযোগে কোলন স্টেশন ও সিটি সেন্টারের মাঝামাঝি জায়গায় একদল তরুণ নারীদের যৌন নির্যাতন করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই এলাকা খালি করলেও ওই তরুণরা আবার সেখানে ফিরে যায় এবং পরবর্তী কয়েক ঘণ্টা ধরে নারীদের যৌন নির্যাতন করে।

বিবিসি জানিয়েছে, মধ্যরাতের পরও সেখানে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তৃতায় ডে মাইৎসিয়ারে বলেন, “যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের অভিযোগের অপেক্ষায় ছিল পুলিশ। তাদের এভাবে কাজ করা উচিত হয়নি।”

“পুলিশ ভেবেছিল ওই এলাকা খালি করে দিলেই সব মিটে যাবে। কিন্তু তেমনটা হয়নি। হামলাকারীরা পুনরায় ফিরে আসে এবং নির্যাতন চালাতে থাকে। পুলিশের এমনটা ভাবা একেবারেই উচিত হয়নি।”

ওই রাতে প্রায় ৬০ জন নারী পুলিশের কাছে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছে বলে জানায় ‘দ্য ইন্ডিপেনডেন্ট’। আর অন্তত একজন নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করে।

পুলিশের কাছে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার শতাধিক অভিযোগ জমা পড়েছে। একজন স্বেচ্ছাসেবী নারী পুলিশও লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোলন পুলিশ জানায়, ভিড়ের মধ্যে প্রায় এক হাজার পুরুষের একটি দল এ ঘটনার জন্য দায়ী। তাদের অনেকে মদ্যপ ছিল এবং দেখতে ‘আরব ও উত্তর আফ্রিকানদের মতো’ ছিল।

বিচারমন্ত্রী হেইকো মাস বলেন, “পুরো ঘটনা একযোগে পরিচালিত হয়েছে বলেই আমার মনে হচ্ছে।”

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, হামবুর্গ, স্টুটগার্ট ও ডর্টমুন্ডেও বর্ষবরণ উৎসবে একই ধরনের ঘটনা ঘটেছে।

ওই রাতের পরিস্থিতি বর্ণনায় এক ব্যক্তি বিবিসি’কে বলেন, “আমি আমার সঙ্গী ও ১৫ বছর বয়সী মেয়েকে নিয়ে স্টেশনের বাইরে গেলে একদল লোক আমাদের ঘিরে ধরে।”

“তারা আমার সঙ্গী ও মেয়ের গোটা শরীরে হাত দিতে থাকে এবং দুই পায়ের ফাঁকে চেপে ধরে।”

পুলিশ জানায়, অন্য এক নারী তার মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ার অভিযোগ করেন। ওই নারী পুলিশকে বলেন, “সেখানে অনেকগুলো মেয়ে রয়েছে এবং তারা প্রচণ্ড কান্নাকাটি করছে।”

কোলন শহরে বর্ষবরণ উৎসবে থাকা এক ব্রিটিশ নারী ‍বিবিসিকে বলেন, “একদল পুরুষ তাদের দিকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে। তাদের ভাষা জার্মান বা ইংরেজি কোনোটিই ছিল না। তারা আমাদেরকে জড়িয়ে ধরে চুমু খেতে চেষ্টা করে। তাদের একজন আমার এক বন্ধুর ব্যাগ চুরি করে।”

“অন্যরা তাদের ব্যক্তিগত ট্যাক্সিতে আমাদের তুলে নিতে চেষ্টা করে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। এমনকি মনে হচ্ছিল তারা আমাকে হত্যা করতে পারে। এ ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাকে আগে কখনও হতে হয়নি।”

অনেকে এ ধরনের ঘটনার জন্য মুসলিম অভিবাসী ও শরণার্থীদের দায়ী করছে। তবে তদন্তের এ পর্যায়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা উচিত হবে না বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী ডে মাইৎসিয়ারে।

মঙ্গলবার কোলন স্টেশনের কাছে লোকজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ  করেছে পুলিশ।

কোলন পুলিশ প্রধান ভলফগ্যাং আলবেস বলেন, “যেহেতু এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তাই ঠিক কারা অপরাধী তা আমরা বুঝতে পারছি না।”

“ঘটনাস্থলে যে পুলিশ সদস্যরা উপস্থিত ছিল তাদের দেওয়া তথ্যমতে ওই ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে ছিল এবং তারা আরব বা উত্তর আফ্রিকার দেশ থেকে আসা।”

পুলিশ সঠিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ বাতিল করে দিয়ে তিনি বলেন, “এটি সম্পূর্ণ নতুন ধরণের অপরাধ।”

ফেব্রুয়ারিতে কোলন শহরে ঐতিহ্যবাহী কার্নিভাল অনুষ্ঠিত হবে। গোটা বিশ্ব থেকে প্রচুর মানুষ ওই কার্নিভালে যোগ দেয়।

যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে কার্নিভাল ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে নগর কর্তৃপক্ষ।