২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহজনক প্যাকেট, মের্কেলের কার্যালয় বন্ধ

সন্দেহজনক প্যাকেট পেয়ে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের কার্যালয় সাময়িকভাবে বন্ধ করেছে পুলিশ। প্যাকেটগুলো পরীক্ষা করছে তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 05:30 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আঙ্গেলা মের্কেলের কার্যালয়ের প্রবেশপথের বাইরে হলুদ রঙের চারটি প্লাস্টিকের বাক্স পাওয়া গেছে। পুলিশ কার্যালয় সিল করে দিয়েছে।

বুধবার সকাল থেকেই বার্লিনের ওই কার্যালয় ভবনে মন্ত্রিসভার বৈঠকের জন্য জড়ো হচ্ছিলেন মন্ত্রীরা। পুলিশ কার্যালয়ের আশেপাশের এলাকা ঘিরে ফেলার পর মন্ত্রীরা তাদের নিয়মিত বৈঠক করেন।

সন্দেহজনক প্যাকেটগুলো খতিয়ে দেখা দেখা হচ্ছে বলে জানিয়েছেন জার্মানির ফেডারেল পুলিশের মুখপাত্র। প্যাকেটগুলো বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানোর জন্য কর্মকর্তারা অপেক্ষা করছেন।

এর আগে ২০১০ সালে মের্কেলের কার্যালয়ে পাঠানো একটি প্যাকেট থেকে বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ। সেকারণেই এবার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে তারা।