২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে একজোট বাহরাইন, সুদান, আরব আমিরাত

শিয়া নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে তেহরানের সৌদি দূতাবাসে হামলার পর ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কূটনৈতিক ব্যবস্থাকে সমর্থন দিয়ে একই পথে হাঁটল এর মিত্র সুন্নি দেশগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 09:17 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

বাহরাইন এবং সুদান উভয়ই ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে।

সৌদি আরব রোববার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইরানি কূটনীতিকদেরকে দুইদিনের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়।

এরপর বাহরাইনও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে। বাহরাইনের অধিকাংশ মানুষ শিয়া হলেও দেশটির ক্ষমতাসীন সরকার সুন্নি।

বাহরাইন সরকারের অভিযোগ, ইরান উপসাগরীয় ও আরব দেশগুলোর অভ্যন্তরীন বিষয়ে ‘জঘন্য ও বিপজ্জনকভাবে’ হস্তক্ষেপ করছে এবং তাদের এই অনধিকারচর্চা দিন দিন বাড়ছে’।

সংযুক্ত আরব আমিরাত ইরান থেকে তাদের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়ে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করছে বলে জানিয়েছে বিবিসি।

সুদানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “তেহরানের সৌদি আরব দূতাবাস এবং মাসাদ কনস্যুলেটে বর্বরোচিত হামলার জবাবে সুদান অবিলম্বে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিচ্ছে।”

ওদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, সৌদি আরব তেহরানে তাদের দূতাবাসে হামলার ঘটনারকে ‘অজুহাত’ হিসেবে দাঁড় করিয়ে সম্পর্ক ছিন্ন করতে চাইছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি করছে।

অঞ্চলটিতে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তেহরান ও রিয়াদের মধ্যে উত্তেজনার জের ধরে রোববার রাতে সৌদি আরবের উত্তরের প্রদেশে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

অন্যদিকে, ইরাকের শিয়া অধ্যুষিত হিল্লা প্রদেশে সুন্নিদের দুইটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া, ব্যাবিলনের একটি এলাকায় সুন্নিদের এক মসজিদের ইমামকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে।

পেট্রোলিয়াম রপ্তানিকারী বড় দুই দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে ‍উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ব বাজারে তেলের দাম দুই শতাংশের বেশি বেড়ে গেছে।

উপসাগরীয় আরব অঞ্চলে বিশেষ করে কাতারের শেয়ার বাজারে ধস নেমেছে।

অপরিশোধিত তেল আমদানিকারী দেশ চীন এ ঘটনায় ‘গভীর উদ্বিগ্ন’ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র ও জার্মানি পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে। রাশিয়া বিবাদ মীমাংসায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার প্রস্তাব দিয়েছে।

ইরান ও সৌদি আরবের মধ্যে এই উত্তেজনা সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের আশাকেও ফিকে করে দিচ্ছে।  কারণ, সৌদি আরব ও উপসাগরীয় আরব মিত্র দেশগুলো সিরিয়ার বিদ্রোহীদেরকে সমর্থন দিচ্ছে আর ইরান সমর্থন দিচ্ছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে।