২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত দ্বীপে বিমান: বিরোধে চীন-ভিয়েতনাম

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকার কৃত্রিম দ্বীপে বিমান অবতরণ করিয়ে চীন সার্বভৌমত্ব লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ভিয়েতনাম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 10:02 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

দ্বীপটির ভিয়েতনামী অংশে অবৈধভাবে বিমানবন্দর বানানো হয়েছে বলে চীনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লে হাই বিন।

চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দ্বীপে নতুন তৈরি বিমানপোতে তারা পরীক্ষামূলকভাবে বেসামরিক বিমান অবতরণ করিয়েছে। বন্দরটি বিমান ওঠা-নামার উপযোগী কিনা তা পরীক্ষা করাই ছিল এর উদ্দেশ্য। তাছাড়া, ওই দ্বীপের পুরো সার্বভৌমত্ব চীন তাদের বলে দাবি করেছে।

বিবিসি জানিয়েছে, দ্বীপটিতে চীনের বিমান অবতরণের ঘটনা ওই অঞ্চলে উত্তেজনা বাড়াবে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ বানানোর জন্য ওয়াশিংটন চীনের সমালোচনা করে আসছে। চীন এ দ্বীপকে সামরিক উদ্দেশ্যে কাজে লাগাবে বলে ওয়াশিংটর উদ্বিগ্ন। যদিও চীন বলছে, এর পেছনে তাদের কোনো অসদুদ্দেশ্য নেই।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, ভিয়েতনাম চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক টেকসই এবং স্থিতিশীল রাখতে ভিয়েতনাম কাজ করে যাবে বলেই চীন আশা করে।

ওদিকে, হ্যানয়ের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ভিয়েতনাম একটি প্রতিবাদলিপি চীনের দূতাবাসে পাঠিয়েছে এবং চীনকে এ ধরনের কাজ আবারও না করার অনুরোধ জানিয়েছে।

দক্ষিণ চীন সাগর এলাকাকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে চীন। তবে তাইওয়ান, ভিয়েতনাম, ব্রুনাই, ফিলিপাইন এবং মালয়েশিয়াও ওই সাগরের ওপর মালিকানা দাবি করছে। বিতর্কিত এই পানিসীমা তেল ও গ্যাস সম্পদে সমৃদ্ধ বলে ধারণা করা হয়।