২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ার মুক্তির লড়াইয়ের শেষ বীর সমাহিত

ফরাসি উপনিবেশের কবল থেকে জাতীয় স্বাধীনতার লড়াইয়ের নেতৃত্ব দেওয়া সর্বশেষ বিপ্লবী বীরকে শ্রদ্ধা জানালো আলজেরিয়ার জনতা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 05:52 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

মুক্তির সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আপোষহীন বিপ্লবী নেতা হোসাইন আয়াত আহমেদ গত বছরের শেষ সপ্তাহে মারা যান।

বিবিসির খবরে বলা হয়, শুক্রবার তাকেই শ্রদ্ধা জানাতে রাজপথে ঢল নামে হাজার হাজার মানুষের; সমবেতভাবে তারা সংকীর্ণ পাহাড়ি পথ বেয়ে কাবাইল এলাকার কাছে পাহাড়চূড়ায় সমাহিত করেন জাতীয় এ বীরকে।    

শেষকৃত্যের জন্য তার মরদেহ রাজধানী আলজিয়ার্স থেকে যে পথ দিয়ে নিজগ্রাম আয়াত আহমেদের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে পথজুড়ে সড়ক ও সেতুর উপর দাঁড়িয়ে কিংবা নিজেদের ব্যালকনি থেকে ঝুঁকে প্রিয় এই নেতাকে শেষবারের মতো এক নজর দেখে নিচ্ছিল জনতা।

শেষ পর্যন্ত পাহাড়ি গ্রামে শেষকৃত্য অনুষ্ঠানটি হাজার হাজার মানুষের সমবেত বিলাপদৃশ্যে রূপ নেয়। আগের দিন আলজিয়ার্সে তাকে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জানানো হয়, যা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়।

১৯৫৪ সালে ফরাসি শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহে নেতৃত্ব দেওয়াদের মধ্যে অন্যতম ছিলেন হোসাইন আয়াত আহমেদ। কয়েক বছর পরে তাকে নির্বাসনে যেতে বাধ্য করা হয়। গত ২৩ ডিসেম্বর ৮৯ বছর বয়সে সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া নয় লড়াকু বীরের মধ্যে সর্বশেষ আয়াত আহমেদের মৃত্যু হল। তবে তার পরিবারের সদস্যরা আলজেরিয়ার অন্য বীরদের পাশে তাকে সমাহিত করতে দেয়নি; আলজিয়ার্সের ৭০ মাইল পূর্বে নিজগ্রামকেই বেছে নেন তারা।

আলজেরিয়ায় সামরিক শাসনের তিনি বরাবর কড়া সমালোচক ছিলেন আয়াত আহমেদ; ১৯৬২ সালে ফ্রান্স থেকে স্বাধীন হওয়ার পর দেশের রাজনীতির ওপর সামরিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে বরাবর সোচ্চার ছিলেন।

১৯২৬ সালে জন্ম নেওয়া আয়াত আহমেদ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের অন্যতম নেতা ছিলেন। কিন্তু আলজেরিয়ার স্বাধীনতার পর পরই তিনি ক্ষমতাসীন আলজেরিয়া অন্তর্বতীকালীন সরকার থেকে পদত্যাগ করেন তিনি।

১৯৬৩ সালের সেপ্টেম্বরে তিনি সোস্যালিস্ট ফোর্সেস ফ্রন্ট (এফএফএস) নামে নতুন দল গঠন করেন। দলটি একদলীয় শাসনব্যবস্থা থেকে বের হয়ে বহুদলীয় শাসনের জন্য এখনো বিরোধী দল হিসেবে লড়াই চালিয়ে যাচ্ছে।

১৯৬৪ সালে তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯৬৬ সালের ১ মে তিনি এল হারাশ কারাগার থেকে পালিয়ে সুইজারল্যান্ডে যান। নির্বাসিত অবস্থায় আইন বিষয়ে ডক্টরেট করেন।

১৯৮৮ সালের দাঙ্গার পর তিনি দেশে ফিরে এলেও ১৯৯২ সালে প্রেসিডেন্ট মোহামেদ বোদিয়াফকে হত্যার পর দেশ ছাড়েন। এর পর তিনি বার বার দেশে ফিরেছেন; যোগ দিয়েছিলেন মুক্তির সংগ্রামের সূচনার বর্ষপূর্তির (১ নভেম্বর, ১৯৫৪) অনুষ্ঠানেও।

তাকে সমাহিত করার সময় উপস্থিত জনতা স্লোগান দেয়, ‘আলজেরিয়া হবে মুক্ত ও গণতান্ত্রিক’, যা তার দলেরই স্লোগান।