২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ী বছরে বিশ্বজুড়ে ১১০ সাংবাদিক নিহত

বিদায়ী বছরে বিশ্বজুড়ে  ১১০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৬৭ জনকে পরিকল্পিতভাবে অথবা পেশাগত দায়িত্ব পালনের সময় হত্যা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 11:11 AM

Updated : 22 Aug 2022, 02:24 PM

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের এই প্রতিবেদনে বাকি ৪৩ জনের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে আরএসএফ বলেছে, জরুরি মুহূর্তে সাড়া না দেওয়ায় সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে।

ব্লগার ও নাগরিক-সাংবাদিক মিলে বিশ্বজুড়ে ২৭ ‘অপেশাদার সাংবাদিক’ নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছে প্রতিবেদনে, যাদের মধ্যে বাংলাদেশের চার ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাশ ও নিলয় চক্রবর্তীর কথা রয়েছে।

এতে সংবাদ সংশ্লিষ্ট সাত ব্যক্তির তালিকা দেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশের প্রকাশক ফয়সল আরেফিন দীপনের নাম রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সাল থেকে এই ১০ বছরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে ৭৮৭ সাংবাদিকের মৃত্যু হয়েছে।

পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ আখ্যায়িত করে বলা হয়, সাংবাদিকদের উপর এ ধরণের নিয়মিত হামলা প্রমাণ করে যে, সংবাদসংশ্লিষ্ট মানুষদের রক্ষায় নেওয়া উদ্যোগ ব্যর্থ হয়েছে।

সাংবাদিক সুরক্ষা বিবেচনায় এ বছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৪৬তম হয়েছে।

বিদায়ী বছরে বিশ্বজুড়ে ৫৪ জন সাংবাদিক অপহৃত এবং ১৫৩ সাংবাদিককে আটক করা হয় আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে।

সাংবাদিকদের জন্য এ বছর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ ছিল সিরিয়া ও ইরাক; যুদ্ধবিধ্বস্ত এ দুটি দেশের পরই এই তালিকায় উঠে এসেছে ফ্রান্সের নাম।

শার্লি এবদো হামলা ও পরে জঙ্গি সন্ত্রাসীদের নিয়মিত হামলার কারণে দেশটি সাংবাদিকদের জন্য ক্রমেই বিপদজনক হয়ে উঠছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

২০১৫ সালে নিহত সাংবাদিকদের দুই-তৃতীয়াংশই ‘যুদ্ধ হচ্ছে না’ এমন দেশের হওয়ায় পরিস্থিতিকে ‘আতঙ্কজনক’ বলেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার।

এজন্য আন্তর্জাতিক আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

আরএসএফের সেক্রেটারি জেনারেল ক্রিস্টোফ ডেলোয়ের এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের সুরক্ষায় আন্তর্জাতিক আইন প্রয়োগের নির্দিষ্ট প্রক্রিয়া সৃষ্টি করা অপরিহার্য হয়ে উঠেছে।”

“রাষ্ট্রবিরোধী গোষ্ঠীগুলো যখন টার্গেট করে সাংবাদিকদের হত্যা করছে, তখনও রাষ্ট্র আইন প্রয়োগের সঠিকতা নির্ধারণ করতে পারেনি।”

সাংবাদিকদের নিরাপত্তায় জরুরি ভিত্তিতে একটি বিশেষ প্রতিনিধি দল নিয়োগ করতে জাতিসংঘের সাধারণ সম্পাদক বান কি-মুনের কাছে দাবি জানান ডেলোয়ের।

এর আগে প্রকাশিত জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে সাংবাদিক এবং সংবাদ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছিলেন বান কি-মুন ।

এর পর গত ১৫ ডিসেম্বর ইউনেস্কো ও আরএসএফ যৌথভাবে ‘সাংবাদিক সুরক্ষায়’ একটি সংশোধিত নীতিমালা প্রণয়ন করে।  

চলতি বছর নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এক প্রতিবেদনে সাংবাদিক হত্যার ঘটনা বৃদ্ধির কথা বলেছিল।