অস্ট্রেলিয়ার ট্রেন থেকে ৩০,০০০ লিটার এসিড ছড়ানোর শঙ্কা
অস্ট্রেলিয়ায় সালফিউরিক এসিডবাহী ট্রেনের ২৬টি বগির সবগুলো লাইনচ্যুত হওয়ায় সেখান থেকে ৩০ হাজার লিটার এসিড ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ট্রেনটি রোববার কুইন্সল্যান্ডের একটি প্রত্যন্ত অঞ্চলে দুর্ঘটনার শিকার হয়।
কর্তৃপক্ষ জানায়, এ ট্রেন প্রায় ৮ লাখ ১৯ হাজার লিটার সালফিউরিক এসিড বহন করছিল।
ট্রেনটি পূর্বের বন্দরনগর টাউন্সভিলা থেকে ফসফেট হিলে যাচ্ছিল।
মঙ্গলবার কুইন্সল্যান্ড পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "খুব সম্ভবত ট্রেনটির একটি বগি ফেটে গেছে এবং সেটার মধ্যে থাকা ৩১ হাজার ৫০০ লিটার সালফিউরিক এসিড বেরিয়ে গেছে।"
"তবে পরিবেশ অধিদপ্তর এবং হেরিটেজ প্রোটেকশন কর্তৃপক্ষ পরীক্ষার পর জানিয়েছে, কোনোভাবে সালফিউরিক এসিড ছড়িয়ে পড়লেও নিকটবর্তী পানিপথে তেমন বিরূপ প্রভাব পড়বে না।"
তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি।
ওদিকে, ইমেইলে রয়টার্সকে ট্রেন পরিচালনা কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনার কারণ তারা এখনও জানতে পারেনি। ট্রেনটির তিনজন চালক সামান্য আহত হয়েছে। তাদেরকে এখনও হাসপাতাল থেকে ছাড়া হয়নি।
