২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস  উৎখাতের অঙ্গীকার ইরাকের প্রধানমন্ত্রীর

ইসলামিক স্টেটকে (আইএস) উৎখাতের অঙ্গীকার করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 06:49 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

আনবার প্রদেশের রামাদি শহর আইএস মুক্ত করার পর এ প্রত্যয় জানিয়ে আবাদি বলেন, আগামী বছর তার বাহিনী আইএস এর পরাজয় ডেকে আনবে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি ইরাকের মসুল শহরও আইএস-মুক্ত করার প্রতিজ্ঞা করেন। আবাদি বলেন, “আইএস এর ওপর মারাত্মক ও চূড়ান্ত আঘাত হেনে আমরা মসুলও মুক্ত করব।”

তিনি আরও বলেন, “২০১৬ সাল হবে বড় ধরনের এবং চূড়ান্ত বিজয়ের বছর। ওই বছর ইরাকে আইএসের উপস্থিতি নির্মূল হবে।”

আইএস এর দখলে চলে যাওয়া রামাদি শহর মুক্ত করার কথা সোমবার জানায় ইরাকের সেনাবাহিনী।আনবারের সরকারি দপ্তরগুলোতে এখন ইরাকের জাতীয় পতাকা উড়ছে।

তবে শহরের কোনো কোনো জায়গায় এখনো আইএস জঙ্গিদের প্রতিরোধ রয়ে গেছে বলেও কয়েকটি খবরে জানানো হয়েছে।

রামাদির নিয়ন্ত্রণ নিতে কয়েক সপ্তাহ ধরে লড়াই করেছে ইরাকের সরকারি বাহিনী। রামাদি রাজধানী বাগদাদ থেকে মাত্র দু’ঘণ্টার পথ। গত মে মাসে শহরটি দখল করে নিয়েছিল আইএস।