শিকাগোতে গুলি করে দুই কৃষ্ণাঙ্গকে মারল পুলিশ
এক বছর আগে এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশের পর তীব্র ক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের শিকাগোতে একইভাবে নিহত হয়েছেন এক কলেজছাত্র এবং পাঁচ সন্তানের এক মা।
স্থানীয় সময় শনিবার সকালে শিকাগো শহরের পশ্চিম অংশে ওয়েস্ট গারফিল্ড পার্ক এলাকায় এ ঘটনা ঘটে বলে রযটার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘পরিস্থিতি এমন হয়ে উঠেছিল যে পুলিশ অফিসার তার অস্ত্র বের করতে বাধ্য হন এবং দুইজন গুলিবিদ্ধ হয়।”
নিহতরা হলেন- বেটি জোনস (৫৫) এবং কুইনটোনিও লেগরিয়ের (১৯)।
নর্দার্ন ইলিনয় ইউনিভার্সিটির ছাত্র লেগরিয়ের বাবার সঙ্গে বড়দিন কাটাতে শিকাগোতে এসেছিলেন। তাদের দুই তলা কাঠের বাড়িতেই গুলির ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা বলছেন, বাবা-ছেলের ঝগড়ার মধ্যে লেগরিয়ের একটি বেইসবল ব্যাট নিয়ে বাবাকে শাসাতে শুরু করলে পুলিশ ডাকা হয়। সেখানেই পুলিশের গুলিতে মারা যান এই কলেজছাত্র।
আর ওই বাড়ির নিচতলার বাসিন্দা বেটি জোনসের গায়ে গুলি লাগে কাঠের দরজা ভেদ করে।
রয়টার্স লিখেছে, বড়দিনের জন্য সাজানো বেটির বাড়ির দরজায় বুলেটের একটি ছিদ্র ছিল। দেয়াল আর কার্পেটে ছিল রক্ত। তারই মধ্যে বেটির সন্তান আর আত্মীয়রা বিলাপ করছিলেন।
স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার হয়েছে এবং এ ঘটনায় কোন পুলিশ সদস্য আহত হননি। ঘটনার পূর্ণ তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তারা।
তবে, কী ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা হয়নি।
গত বছরের মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্রের একাধিক এলাকায় পুলিশের গুলিতে ও নির্যাতনে কৃষ্ণাঙ্গদের প্রাণহানির ঘটনা ঘটে। এর জেরে চলতি বছরে নিউইয়র্ক, শিকাগো, মিয়ামি, ডেট্রয়েট, অকল্যান্ড, ফিলাডেলফিয়াসহ বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ চরম আকার ধারণ করে।
২০১৪ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মিজৌরির বার্কলিতে একটি গ্যাস স্টেশনে ১৮ বছরের কৃষ্ণাঙ্গ কিশোর এন্টনিও মার্টিনকে গুলি কর হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা।
এর দুই মাস আগে অক্টোবরে শিকাগোতে সতেরো বছরের কৃষ্ণাঙ্গ কিশোর ল্যাকোয়ান ম্যাকডোনাল্ডকেও একইভাবে হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ। পরে হত্যার সময়ের ভিডিও প্রকাশিত হলে প্রতিবাদে উত্তাল হয়ে উঠে শিকাগো।
তারও আগে ২০১৪ সালের অগাস্টে মিজৌরির ফার্গুসনে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন। ওই সময়েও দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল বিক্ষোভ।
একই বছরের জুলাইয়ে নিউইয়র্কে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা কৃষ্ণাঙ্গ এরিক গার্নারকে দেহ তল্লাশির সময় তাকে রাস্তায় ফেলে ঘাড়ের পেছনে হাত দিয়ে চেপে ধরলে তার মৃত্যু হয়।
এসব ঘটনার জেরে যুক্তরাষ্ট্রজুড়ে নাগরিক হিসেবে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের সমঅধিকার নিয়ে আইনের পূনর্গঠনের দাবিও উঠে।
