আলোউশের মৃত্যু সিরীয় বিদ্রোহীদের জন্য ‘বড় আঘাত’
সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাংশের শহরতলীগুলোতে সক্রিয় সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী জয়শ আল ইসলামের প্রধান ও বিদ্রোহীদের অন্যতম নেতা জাহরান আলোউশ (৪৪) রুশ বিমান হামলায় নিহত হয়েছেন।
বিদ্রোহী সূত্রগুলো ও সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার দামেস্ক সংলগ্ন গৌতার মার্জ এলাকার সদরদপ্তরে অন্যান্য বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করার সময় বিমান হামলার শিকার হন তিনি।
আলোউশের মৃত্যু দামেস্কের পূর্বাংশের মফস্বল ও গ্রাম্য এলাকাগুলোতে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য বড় ধরনের আঘাত। এতে গৌতা নামে পরিচিত এই এলাকাটির নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতছড়া হয়ে গৃহযুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে।
পশ্চিমা গোয়েন্দাদের তথ্যমতে, জয়শ আল ইসলাম গৌতা এলাকায় সক্রিয় সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী এবং এর ১৫ থেকে ২০ হাজার যোদ্ধা রয়েছে।
বিদ্রোহী বাহিনীটির বিপর্যয়ে দামেস্কের পূর্বাঞ্চলের পুরো এলাকটির উপর প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিয়ন্ত্রণ সংহত হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
গত কিছুদিন ধরে এলাকাটিতে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে সিরীয় সরকারি বাহিনী।
৩০ সেপ্টেম্বর রুশ বিমান হামলা শুরু হওয়ার পর থেকে সিরিয়ার বেশ কয়েকজন বিদ্রোহী নেতা নিহত হয়েছেন। রাশিয়া প্রধানত ইসলামিক স্টেটের (আইএস) উপর হামলা চালানোর কথা বললেও তাদের তৎপরতায় মিত্র আসাদকে রক্ষার মনোভাবটি পরিষ্কার হয়ে উঠছে।
বিদ্রোহী গোষ্ঠীগুলো জানায়, জয়শ আল ইসলামের গোপন সদরদপ্তর লক্ষ্য করে রুশ বিমানগুলো থেকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
সিরিয়ার সেনাবাহিনী জানায়, যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া গোয়েন্দা সূত্রের তথ্য ধরেই আলোউশকে হত্যা করা হয়। কিন্তু বিদ্রোহীরা বলছে, তাদের আকাশে সারাক্ষণ ঘোরাঘুরি করা রাশিয়ার অত্যাধুনিক গোয়েন্দা বিমানগুলোর কারণেই এ হামলা সম্ভব হয়েছে।
বিদ্রোহীদের একটি সূত্র জানায়, তাদের গোষ্ঠীর অন্যতম শীর্ষ কমান্ডার আবু হাম্মাম আল বুবাইদানিকে জয়শ আল ইসলামের নতুন প্রধান মনোনীত করা হয়েছে।
আলোউশের মৃত্যু সিরিয়ার বিদ্রোহের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন আহরার আল শাম বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম জ্যেষ্ঠ নেতা লাবিব আল নাহাশ।
