২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ থেকে ভুল নাম্বারে ফোন

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফোন করেছেন ব্রিটিশ নভোচারী টিম পিক। কিন্তু সে ফোন চলে গেছে ভুল নাম্বারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 08:35 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

এপাশে এক নারী ফোন তোলার পর পিক হালকা গলায় জানতে চান: “হ্যালো, এটি কি পৃথিবী নামের গ্রহ?” কিন্তু ভেসে আসা নারীর কণ্ঠ শুনে পরক্ষণেই তিনি বুঝতে পারেন, ফোনটি ভুল নম্বরে চলে গেছে!

টিমের ওই প্রশ্ন শুনে এপাশের নারী তো ততক্ষণে রীতিমত চমকে গেছেন। পরে এক টুইট বার্তায় পিক ভুল নম্বরে ডায়াল করার জন্য ওই নারীর কাছে ক্ষমা চান। এতে পিক বলেন, ইচ্ছে করে ভুল নম্বরে কল করেননি তিনি।

প্রথম ব্রিটিশ নভোচারী হিসাবে ১৫ ডিসেম্বরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) গেছেন টিম পিক। দীর্ঘ ছয় মাস তিনি সেখানে কাটাবেন।

মহাকাশে ঘোরার এ সময়টিতে পিকের ইচ্ছে হয়েছিল নিজ বাড়িতে ফোন করার। সেকারণেই তার ফোন করতে যাওয়া। আর তা করতে গিয়ে আনাড়িপনার পরিচয় দিলেন তিনি।

পৃথিবীতে যোগাযোগ করতে ব্যর্থতা অবশ্য এটিই প্রথম নয় পিকের। এর আগে বাবা-মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারেননি তিনি। কারণ তারা তখন বাড়িতেই ছিলেন না বলে জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক মেজর এবং দুই সন্তানের জনক টিম পিক ইউরোপীয় স্পেস এজেন্সি থেকে মহাকাশে গেছেন সরকারি ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য।

এর আগে ১৯৯১ সালে মহাকাশে গিয়েছিলেন প্রথম ব্রিটিশ নাগরিক হেলেন শ্যারমান। তিনি যান সোভিয়েত ‘মির’ মহাকাশ স্টেশনে।

অন্য আরও যেসব ব্রিটিশ মহাকাশে গেছেন, তারা হয় ব্যক্তিগতভাবে নয়ত মার্কিন নাগরিকত্ব নিয়ে সেখানে গিয়েছেন।