২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম বাঁচাতে ‘বিধর্মী’ বন্দির অঙ্গ কাটায় ফতোয়া আইএসের!

কোনো মুসলিমের প্রাণ বাঁচাতে ‘বিধর্মী’ বন্দিকে হত্যা করে হলেও তার শরীর থেকে অঙ্গ কেটে তা প্রতিস্থাপনের ধর্মীয় অনুমোদন দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 04:26 PM

Updated : 26 Jul 2022, 12:10 PM

২০১৫ সালের ৩১ জানুয়ারি আইএসের দেওয়া ফতোয়া দাবি করে যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত এক নথির ভিত্তিতে রয়টার্স এখবর দিয়েছে।

অনূদিত ওই গোপন নথিটি পর্যালোচনা করে প্রতিবেদনে বলা হয়, “কোনো মুসলিমের প্রাণ বাঁচাতে প্রয়োজনে বন্দির শরীর থেকে অঙ্গ কেটে নেওয়া যেতে পারে, তাতে‌ সেই বন্দির মৃত্যু হলেও কিছু যায় আসে না।”

স্বতন্ত্রভাবে এই নথির বিশ্বাসযোগ্যতা যাচাই করতে না পারলেও সহিংস এই জঙ্গি গোষ্ঠীটির মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে খবরে বলা হয়।

ওই নথিটি গত মে মাসে সিরিয়ার পূর্বাঞ্চলে অভিযানের সময় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী তল্লাশিতে পাওয়া তথ্য-উপাত্তগুলোর একটি অংশ বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

আইএসের গবেষণা ও ফতোয়া কমিটির সিদ্ধান্ত তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, “বিধর্মী (অ্যাপস্টল) বন্দিদের জীবন ও অঙ্গকে সম্মান দেখানোর কিছু নেই। প্রয়োজনে তাদের শরীর থেকে নেওয়া যাবে অঙ্গ-প্রত্যঙ্গ।”

রয়টার্স বলেছে, নথিতে ‘অ্যাপস্টল’ শব্দটির সজ্ঞা দেওয়া না হলেও আইএস এর মধ্যেই অমুসলিম হিসেবে খ্রিস্টানদের হত্যা করেছে বা বন্দি রেখেছে। শুধু তাই নয়, নিজেদের মতবাদের বিরোধী শিয়া মতাবলম্বী, এমনকি সুন্নি মুসলিমদেরকে তার বন্দি করে রাখছে এবং হত্যা করছে।

নথিতে লেখা ৬৮ নম্বর ফতোয়ায় বলা হয়, “এতে বন্দিদের মৃত্যু হলেও কিছু যায় আসে না। এর জন্য কোনো শাস্তিও ভোগ করতে হবে না।”

তবে আইএস এর মধ্যে বন্দিদের অঙ্গ কাটছে বা পাচার করছে এমন কোনো প্রমাণ নথিতে নেই।

এর আগে ইসলামিক স্টেটের বিরুদ্ধে মানুষের অঙ্গ কেটে মুনাফার জন্য তা পাচারের অভিযোগ এনেছিল ইরাক ।

তহবিল বাড়াতে আইএসের বিরুদ্ধে মানুষের অঙ্গ পাচারের বিষয়ে এই নথিকে প্রমাণ হিসাবে ধরে নিয়ে তা নিরাপত্তা পরিষদে যাচাই-বাছাই করে দেখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের রাষ্ট্রদূত মোহাম্মেদ আলি আলহাকিম।