২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আখলাক হত্যা: বিজেপি নেতার পুত্রসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

গরুর মাংস খাওয়ার গুজব ছড়িয়ে ভারতের উত্তর প্রদেশের দাদরি গ্রামে সংখ্যালঘু এক মুসলিম ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার দায়ে এক বিজেপি নেতার পুত্রসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 11:55 AM

Updated : 25 Apr 2022, 02:20 PM

বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ‘গরুর মাংস’ খাওয়ার গুজব ছড়িয়ে হত্যাকাণ্ডটি ঘটানো হলেও পুলিশের দেওয়া চার্জশিটের কোথাও গরুর মাংসের কথা উল্লেখ নেই।

কোরবানির ঈদে একটি বাছুর জব করে এর মাংস খেয়েছেন ও বাকী মাংস ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন, ২৮ সেপ্টেম্বর স্থানীয় একটি মন্দিরের মাইকে এমন ঘোষণা দিয়ে হিন্দুদের উত্তেজিত করে দাদরির মোহাম্মদ আখলাকের বাড়িতে হামলা চালানো হয়।

হামলাকারীরা ৫২ বছর বয়সী আখলাককে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে হত্যা করে। হামলাকারীদের প্রহারে আখলাকের ছেলে দানিশ গুরুতর আহত হন।

এই ঘটনার তিনমাস পর পুলিশের দেওয়া ২৫০ পৃষ্ঠার চার্জশিটে প্রধান অভিযুক্তদের মধ্যে স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় রানার পুত্র ভিশাল ও তার দুই চাচাতো ভাইয়ের নাম আসে। তবে ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যের কথা উল্লেখ করেনি পুলিশ।

চর্জশিটে বলা হয়, ‘একটি নির্দিষ্ট মাংসের’ কথা বলে গুজব ছড়িয়ে হামলাটি চালানো হয়। মাংসের কথা উল্লেখ থাকলেও নির্দিষ্টভাবে ‘গরুর’ মাংসের কথা উল্লেখ করা হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে।

হামলাকারীদের অধিকাংশই তাদের পরিবারের পরিচিত বলে পুলিশকে জানিয়েছেন আহত দানিশ।

দানিশ ও তার বোনের দেওয়া জবানবন্দির সূত্র ধরে চলতি সপ্তাহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে আরো সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

নিহত আখলাকের পরিবারের সদস্যরা এখন দিল্লিতে তার বড় ছেলে সারতাজের বাসায় অবস্থান করছেন। সারতাজ ভারতীয় বিমান বাহিনীতে আছেন।

বিজেপির শাসনে ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিঞ্চুতার উদাহরণ হিসেবে দাদরির ঘটনাটিকে সামনে আনছে দেশটির বিরোধীদলগুলো।

এই সমালোচনার জবাবে গত মাসে বিহারে বিজেপির এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “গণতান্ত্রিক পরিবেশ প্রত্যেকেরই তার মনের কথা প্রকাশ করার অধিকার আছে। তবে হিন্দুদের অবশ্যই ঠিক করতে হবে তারা মুসলমানদের সঙ্গে লড়াই করতে চায় না দারিদ্রের সঙ্গে, মুসলমানদেরও ঠিক করতে হবে তারা হিন্দুদের সঙ্গে লড়াই করবে না দারিদ্রের সঙ্গে লড়াই করবে।”