ইয়েমেনের এডেনে বন্দুকধারীর গুলিতে সেনা কর্নেল নিহত
ইয়েমেনের বন্দরনগরী এডেনে ইয়েমেন সেনাবাহিনীর সৌদিপন্থি অংশের এক কর্নেল ও একই জোটের বেসামরিক বাহিনীর এক প্রধান নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এ দুজন নিহত হন বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।
সম্প্রতি এডেনে ঘটা বেশ কয়েকটি গুপ্তহত্যার সর্বশেষ ঘটনা এটি, ইসলামপন্থি জঙ্গিরাই সাধারণত এ ধরনের গুপ্তহত্যা করে থাকে।
এডেনের উত্তরাংশের দার সাদ এলাকা দিয়ে একটি গাড়িতে করে যাওয়ার সময় সরকারপন্থি বেসামরিক বাহিনীর নেতা জালাল আল আওবালি ও তার সঙ্গী কর্নেলকে লক্ষ্য করে গুলি করে বন্দুকধারীরা।
এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। কর্নেলের নাম প্রকাশ করা হয়নি।
আরব উপদ্বীপের আল কায়েদা (একিউএপি) ও ইসলামিক স্টেটের (আইএস) ইয়েমেন শাখা, উভয় গোষ্ঠীই ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গুপ্তহত্যাসহ বিভিন্ন ধরনের হামলা চালিয়ে থাকে। গত কয়েক বছর ধরে এডেনেও এ ধরনের হামলা চলছে।
জুলাইয়ে সুন্নি প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির অনুগত সেনা ও বেসামরিক বাহিনী এবং সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী মিলিতভাবে শিয়া হুতি বিদ্রোহীদের হটিয়ে পুনরায় শহরটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর থেকেই শহরটিতে গুপ্তহত্যার ঘটনা বেড়ে গেছে।
