বোকো হারামের কারণে স্কুলবঞ্চিত ১০ লাখ শিশু: ইউনিসেফ
বোকো হারামের জঙ্গি তৎপরতার কারণে নাইজেরিয়া এবং এর তিনটি প্রতিবেশী দেশের প্রায় ১০ লাখ শিশু স্কুলে যেতে পারছে না বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
সংস্থাটি জানায়, নাইজেরিয়া, ক্যামেরুন, চাদ ও নাইজারে দুই হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে।
ইসলামিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে জঙ্গি তৎপরতা চালিয়ে আসা বোকো হারাম যোদ্ধারা আরো কয়েকশ’ শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, লুটপাট করেছে কিংবা আগুন ধরিয়ে দিয়েছে।
বোকো হারামের ছয়বছরের সহিংস কর্মকান্ডে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল বিধ্বস্ত হয়ে গেছে। সহিংসতা ছড়িয়ে পড়েছে ক্যামেরুন, চাদ এবং নাইজারে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি তার সামরিক কমান্ডারদের বোকো হারামের সহিংসতা দমনে এ মাসের শেষ নাগাদ সময় দিয়েছেন।
বিবিসি জানায়, অভিযানের মুখে বোকো হারাম ক্ষয়ক্ষতির শিকার হলেও তারা এখনও বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। জঙ্গি হামলায় ১৭ হাজার মানুষ নিহত হওয়া ছাড়াও গৃহহীন হয়েছে ২০ লাখ মানুষ।
বাস্তুচ্যুত এসব মানুষের আশ্রয়শিবির হিসাবে ব্যবহার হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের বহু স্কুল।
শিশুরা স্কুলে যেতে না পারায় শিক্ষা ক্ষেত্রে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তাতে সামাজিক অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে শিশুরা স্কুলে যেতে না পারলে তাদেরকে নির্যাতন, অপহরণ ও সশস্ত্র গ্রুপে কাজে লাগানোর ঝুঁকি অনেক বেড়ে যাবে বলেই আশঙ্কা বিষেশজ্ঞদের।’
বোকো হারাম জঙ্গিরা ২০১৪ সালের এপ্রিলে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় চিবোক শহরের একটি বোর্ডিং স্কুল থেকে ২৭৬ অল্পবয়সী মেয়েকে অপহরণ করে। এ ঘটনায় সারা বিশ্ব স্তম্ভিত হয়ে পড়েছিল।
২০০৯ সালে নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকেই বোকো হারাম বিভিন্ন স্কুল লক্ষ্যকরে হামলা চালিয়ে আসছে। বোকো হারামের অর্থ ‘পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ’।
