২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে বিচারের মুখে আইএমএফ প্রধান

ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালে সাত বছর আগে এক ব্যবসায়ীকে ৪০ কোটি ইউরো ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে যথাযথ নিয়ম না মানার অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লগার্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 12:31 AM

Updated : 25 Apr 2022, 02:18 PM

ফ্রান্সের একটি আদালত তার বিরুদ্ধে ‘সরকারি দায়িত্বে থেকে অবহেলার’ অভিযোগ এনেছে বলে বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী বের্নার্ড তাপী একটি কোম্পানির শেয়ার বিক্রিতে ‘ঠকে যাওয়ায়’ ২০০৮ সালে সরকারের কাছ থেকে ৪০ কোটি ইউরো ক্ষতিপূরণ পেয়েছিলেন। সে সময় সারকোজি নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন লগার্ড।

ফ্রান্সে ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজিকে সমর্থন করা তাপীকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত এসেছিল তিন সদস্যের একটি সালিশী প্যানেল থেকে, যেখানে বিষয়টি পাঠিয়েছিলেন লগার্ড।

স্পোর্টস পণ্যের কোম্পানি অ্যাডিডাসের বেশিরভাগ শেয়ারের মালিকানা ছিল তাপীর হাতে, যা তিনি ১৯৯৩ সালে বিক্রি করে দেন।

তার শেয়ার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ফ্রান্সের আংশিক রাষ্ট্রীয় মালিকানাধীন ক্রেডিট লিওনে ব্যাংক ব্যাপকভাবে অ্যাডিডাসের অবমূল্যায়ন করে তাকে ঠকিয়েছে বলে ব্যাংকটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন তিনি। দুর্বল ব্যবস্থাপনার জন্য প্রায় দেউলিয়া হওয়ার মুখে পড়া ওই ব্যাংক পরে অন্য একটি ব্যাংক কিনে নেয়।

ঘটনার দেড় দশক পর বিষয়টির মীমাংসা করে তাপীকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তে ফ্রান্সে ব্যাপক হৈ চৈ হয়।

চলতি মাসের শুরুর দিকে ফ্রান্সের একটি আদালত তাপীর ওই ক্ষতিপূরণের অর্থ সুদসহ ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে।

এ ঘটনায় লগার্ডের বিরুদ্ধে অভিযোগ আনাকে ‘অচিন্তনীয়’ আখ্যা দিয়েছেন তার আইনজীবী।

আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইএমএফ প্রধান আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।

আইএমএফের আগের ব্যবস্থাপনা পরিচালক ডমিনিক স্ট্রস-কানও ছিলেন ফরাসি। হোটেল কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে নিউ ইয়র্কে গ্রেপ্তার হওয়ার পর আইএমএফ প্রধানের পদ থেকে সরে গিয়েছিলেন তিনি।

তবে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত লগার্ড নিরাপরাধ এবং আইএমএফের দায়িত্ব পালনে এখন তাকে কোনো বাধা দেওয়া হবে না বলে ফ্রান্সের বর্তমান অর্থমন্ত্রী জানিয়েছেন।