২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সঙ্গে মতভেদ কমাতে মস্কো সফরে কেরি

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে মতপার্থক্য দূর করার লক্ষ্যে মস্কো সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 01:29 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

মঙ্গলবার বিবিসি জানায়, সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। 

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে রাজনৈতিক প্রক্রিয়ায়  প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভূমিকা কী হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। 

যুক্তরাষ্ট্র চায় প্রেসিডেন্ট পদ থেকে আসাদ সরে দাঁড়াক। অপরদিকে রাশিয়ার বলছে, তার(আসাদ) কী হবে সেই সিদ্ধান্ত শুধু সিরিয়ার মানুষেরাই নিতে পারে, অন্য কেউ নয়। 

কেরির সঙ্গে আলোচনার আগে ল্যাভরভ যুক্তরাষ্ট্রের নীতিকে আক্রমণ করে বলেন, “ওয়াশিংটন সন্ত্রাসীদের বিভক্ত করে ভাল ও খারাপ হিসেবে চিহ্নিত করছে।” 

যুক্তরাষ্ট্র ও রাশিয়া, উভয়েই সিরিয়ায় বিমান হামলা পরিচালনা করছে। 

ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানগুলোতে বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্রের অভিযোগ, মিত্র প্রেসিডেন্ট আসাদকে রক্ষার জন্য রাশিয়া মধ্যপন্থি বিদ্রোহীদের উপরও হামলা চালাচ্ছে।

অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

অপরদিকে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলা চালানো শুরু করলেও তারা দামেস্কর কর্তৃপক্ষের সঙ্গে অভিযান সমন্বয় করছে না। 

এছাড়া সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত সিরিয়ার সরকারবিরোধী গোষ্ঠীগুলোর বৈঠকে নেওয়া সিদ্ধান্তও প্রত্যাখ্যান করেছে রাশিয়া। 
 
ওই বিরোধী গোষ্ঠীগুলো শান্তি আলোচনার জন্য নিজেরা ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে একমত হয়েছে এবং সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনে প্রেসিডেন্ট আসাদ অংশ নিতে পারবেন না বলে মত দিয়েছে।

চলতি সপ্তাহে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেরই ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা করছেন কেরি। 

এরপর আগামী বছরের জানুয়ারিতে সিরীয় সরকার ও বিরোধীদের আলোচনা শুরু হওয়ার একটি প্রস্তাব রয়েছে।