সিরিয়ায় স্কুলসহ অন্যান্য এলাকায় বিমান হামলা
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী অধিকৃত এলাকার স্কুলসহ আশপাশে চালানো ব্যাপক বিমান হামলায় দুই শিশু ও একজন শিক্ষকসহ অনেক মানুষ নিহত হয়েছেন।
রোববার এই হামলাগুলো চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও স্থানীয় অন্যান্য উদ্ধারকর্মীরা।
অবজারভেটরি জানিয়েছে, দামেস্কের ১৫ কিলোমিটার উত্তরপূর্বের বিদ্রোহ অধিকৃত দৌমা শহরে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। হামলাকারী বিমানগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে গোষ্ঠীটি।
এছাড়া পার্শ্ববর্তী পূর্ব গৌতা ও এর আশপাশের এলাকায় সিরিয়ার সেনাবাহিনী ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এসব হামলায় অন্ততপক্ষে দুই শিশুসহ একটি স্কুলের প্রধান শিক্ষকও নিহত হয়েছেন বলে জানিয়েছে অবজারভেটরি।
বিদ্রোহী অধিকৃত এলাকায় মানবিক ও উদ্ধার অভিযান পরিচালনাকারী সিরিয়ার দমকল বাহিনী নিহতের মোট সংখ্যা ৩৫ জন বলে জানিয়েছে। এছাড়া আরো বহু লোক আহত হয়েছেন বলে জানিয়েছে দমকল বাহিনী।
বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের মুখপাত্র ইসাম আল-রায়য়েস জানিয়েছেন, রোববার সকাল থেকে দৌমায় শুরু হওয়া বিমান হামলায় প্রায় ৬০ জন নিহত হয়েছেন।
সিরিয়ার সেনাবাহিনী বলছে, সরকারি বাহিনীর অধিকৃত এলাকায় বিদ্রোহীদের হামলার জবাবে বিদ্রোহী অবস্থানগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
অবজারভেটরি জানিয়েছে, রোববার দামেস্কের পূর্বাংশে বিদ্রোহীরা অন্ততপক্ষে ৪০টি মর্টার বোমা নিক্ষেপ করেছে। এতে অন্ততপক্ষে এক শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ জানিয়েছে, বিদ্রোহীরা দামেস্কের আবাসিক এলাকায় মর্টার হামলা চালিয়েছে, এতে তিন বেসামরিক নিহত ও অন্ততপক্ষে ৩০ জন আহত হয়েছেন। মর্টার হামলার শিকারদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী বলে জানিয়েছে এসএএনএ।
