২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা ধনকুবের গুয়াংচ্যাংকে আটক করেছে পুলিশ

চীনে ‘ওয়ারেন বাফে’ নামে পরিচিত ধনকুবের গুও গুয়াংচ্যাংকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে তার কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 10:59 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

গুয়াংচ্যাংয়ের কোম্পানি ফোসুন ইন্টারন্যাশনাল শুক্রবার এ খবর নিশ্চিত করে জানায়, একটি তদন্তে চীনা কর্তৃপক্ষকে সাহায্য করছেন তিনি।

চীনের ব্যক্তি মালিকানাধীন বৃহৎ কোম্পানিগুলোর একটি ফোসুন গ্রুপ।

এর আগে গুয়াংচ্যাংয়ের নিখোঁজ হওয়ার খবর প্রকাশ পেয়েছিল।

ফোসুন ইন্টারন্যাশনালের কর্মীদের বরাত দিয়ে অর্থ বিষয়ক ম্যাগাজিন সাইসিন বৃহস্পতিবার বিকাল থেকে গুয়াংচ্যাংয়ের নিখোঁজ থাকার খবর প্রকাশ করে।

তখন গুঞ্জন রটেছিল, চীনে ওয়ারেন বাফে (যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী) হিসেবে পরিচিতি পাওয়া গুয়াংচ্যাংকে পুলিশ ধরে নিয়ে গেছে।

ফোসুন গ্রুপের ঘনিষ্ঠ এক ব্যক্তি বিবিসি’কে বলেছিলেন, “খুব সম্ভবত চীন কর্তৃপক্ষ কোনো একটি তদন্তে তার কাছ থেকে সহায়তার চেয়েছে। তার নিজের কোনো কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।”

তবে ঠিক কি বিষয় নিয়ে তদন্তে গুয়াংচ্যাং এর সহায়তা চাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ বিষয়ে পরে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছিল ফোসুন কর্তৃপক্ষ।

দুর্নীতির অভিযোগে অগাস্টে আদালতে দায়ের করা একটি মামলার সঙ্গে গুয়াংচ্যাংয়ের সংশ্লিষ্টতা রয়েছে।