কাবুলে কূটনীতিকপাড়ায় হামলা, স্পেনের কর্মকর্তা নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনীতিকপাড়ায় একটি বিদেশি গেস্ট হাউজে জঙ্গি হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার সন্ধ্যায় কাবুলের সুরক্ষিত এলাকা যেখানে বিভিন্ন দেশের দূতাবাস, জাতিসংঘ ও সরকারি ভবন রয়েছে তার পাশেই স্পেনের দূতাবাস সংলগ্ন গেস্ট হাউজে এ হামলা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
হামলার পরপরই সাঁজোয়া যান নিয়ে নিরাপত্তা কর্মীরা ওই এলাকায় অবস্থান নেন। তাদের অভিযান চলার মধ্যে হামলা শুরুর প্রায় ছয় ঘণ্টা পরে মধ্যরাতে বেশ কয়েকটি বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়।
বাংলাদেশ সময় রাত ৩টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও সেখানে হামলাকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছিল বলে সংবাদ মাধ্যমগুলো জানায়।
প্রাথমিক খবরে স্পেনের দূতাবাসে হামলার কথা বলা হয়েছিল।
পরে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ান রহোই তা নাকচ করে বলেছেন, “আফগানিস্তানে স্প্যানিশ দূতাবাসে হামলা হয়নি বা সেখানে হামলার চেষ্টা হয়নি। দূতাবাসের খুব কাছের কয়েকটি গেস্ট হাউজে হামলা হয়েছে।”
হামলায় স্পেনের একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা অক্ষত ও নিরাপদে আছেন বলে মাদ্রিদে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন।
হামলায় আহত অন্তত সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
হামলার দায় স্বীকার করে তালেবান বলেছে, তাদের ‘যোদ্ধারা’ শেরপুর এলাকায় একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে এবং সেখানকার একটি ভবনে অবস্থান নিয়েছে।
আফগানিস্তানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী আয়ূব সালাঞ্জির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্নাইপারদের গুলিতে দুই হামলাকারী নিহত এবং একজন আহত হয়েছেন।
“এখনও কয়জন হামলাকারী ভিতরে অবস্থান করছেন সে বিষয়ে নিশ্চিত না হওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্কতার সঙ্গে এগোচ্ছেন।”
তবে আফগান নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলছে, হামলায় সাত জঙ্গি অংশ নিয়েছেন।
কাবুলের পুলিশ প্রধান আব্দুল রহমান রহিমি বিবিসিকে বলেন, “আমি এ মুহূর্তে শুধু নিশ্চিত করতে পারি যে, শেরপুর এলাকায় একটি আত্মঘাতী গাড়ি হামলা হয়েছে।”
এক ফ্রিল্যান্স সাংবাদিক হামলার পরপর স্পেনের দুই কূটনীতিককে ওই কম্পাউন্ড থেকে পালিয়ে যেতে দেখেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
হামলাকারীরা সেখানে বেশ কয়েকটি সাঁজোয়া যানে আগুন দিয়েছে বলে আফগান পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
“প্রথম বিস্ফোরণে দুটি ঘরে আগুন ধরে যায়,” বলেছেন এক পুলিশ কর্মকর্তা।
আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীতে স্পেনের সেনারাও ছিল। গত অক্টোবরে তাদের সর্বশেষ সেনা দলকে দেশে ফিরিয়ে নেওয়া হলেও এখনও কাবুলে নেটোর সদরদপ্তরে অল্প কয়েকজন কর্মকর্তা রয়েছেন।
তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত একটি আঞ্চলিক শান্তি সম্মেলনে অংশ নিয়ে বুধবার দেশে ফিরেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
তার আগের দিন কান্দাহার বিমানবন্দরে তালেবান হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়।
এদিকে প্রেসিডেন্টের সঙ্গে বিরোধের জের ধরে বৃহস্পতিবার আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান পদত্যাগ করেছেন।
গত বছর আফগানিস্তান থেকে বহুজাতিক বাহিনীর সৈন্য প্রত্যাহারের পর দেশটিতে জঙ্গি হামলা বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
