আসাদ, তুরস্কের কাছে যাচ্ছে আইএসের তেল: যুক্তরাষ্ট্র
ইসলামিক স্টেট (আইএস) তেল বিক্রি করে এরই মধ্যে ৫০ কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করছে। এ তেলের একটি বড় অংশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের কাছে বিক্রি হচ্ছে আর কিছুটা তুরস্কে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
বৃহস্পতিবার লন্ডনের চাথাম হাউজে এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাডাম জুবিন বলেন, “আসাদ সরকারের কাছে আইএস উল্লেখযোগ্য পরিমাণ তেল বিক্রি করছে।”
তিনি আরও বলেন, আসাদ বাহিনী ও আইএস একে অপরকে হত্যা করার চেষ্টা করছে , আবার একইসঙ্গে তারা মিলিয়ন মিলিয়ন ডলারের বাণিজ্যও করে যাচ্ছে।”
আইএস’ এর বিক্রি করা কিছু তেল তুরস্কে প্রবেশ করে বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হলে জুবিন বলেন, “আইএস এর তেলের সবচেয়ে বড় অংশ আসাদ নিয়ন্ত্রিত এলাকায় যায়, কিছু তেল আইএস নিয়ন্ত্রিত এলাকায় ব্যবহার হয়, কিছু অংশ কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় যায় এবং কিছু যায় তুরস্কে।”
সম্প্রতি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে তুরস্ক রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত করে। ওই ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস তুরস্কে পাচার হচ্ছে বলে তার কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।
এ অভিযোগ অস্বীকার করে তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদোয়ানের ছেলে বলেছিলেন, আইএস যেন তুরস্ক হয়ে তেল পাচার করতে না পারে সেজন্য তিনি ও তার পরিবার প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছেন।
জুবিন বলেন, “এ মুহূর্তে তেল পাচার রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং তুরস্ক সীমান্ত বন্ধ করে দেওয়া যে সবচেয়ে জরুরি সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা আশা করছি , তুরস্ক এজন্য আরও বেশকিছু পদক্ষেপ গ্রহণ করবে।”
“এটি শুধু মাত্র অর্থনৈতিক বিষয় নয়। বরং বিদেশি সন্ত্রাসীদের আগমন আটকাতে, অস্ত্রের যোগান বন্ধে এবং অর্থায়ন আটকাতে এটি জরুরি। আমার বিশ্বাস (আইএস-এর উপর) চাপ বাড়াতে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি করলে অনেক বেশি সুফল পাওয়া যাবে এবং এতে আইএসের হামলার হুমকিও অনেকটা কমবে।”
সারা বিশ্ব থেকে আইএসের তহবিলের যোগান বন্ধে যুক্তরাষ্ট্রে ইরাকের সঙ্গে কাজ করছে বলেও জানান জুবিন। তিনি বলেন, “আইএস নিয়ন্ত্রিত এলাকায় বিভিন্ন ব্যাংকের কয়েক ডজন শাখা বন্ধ করে দেওয়া হয়েছে্”
যদিও আইএস যেসব অঞ্চলের দখল নিয়েছে সেখানে অবস্থিত ব্যাংকগুলো থেকে এরই মধ্যে তারা একশ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ লুট করে নিয়ে গেছে বলেও জানান যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা।
“তবে আইএস এর তেল বাণিজ্য বন্ধ করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।”
