নিরপরাধ মানুষ হত্যায় ইসলামিক কিছু নেই: মোহাম্মদ আলি
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষি মন্তব্যের নিন্দায় যোগ দিয়েছেন কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলি।
“যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করছে মুসলমান হিসেবে আমাদের তাদের বিরুদ্ধে দাঁড়ানো দরকার,” বুধবার এক বিবৃতিতে বলেছেন সাবেক এই মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়ন।
২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সান বের্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যার ঘটনায় যে তরুণ দম্পতিকে দায়ী করা হচ্ছে, তারা দুজনেই মুসলমান। তারা দুজনেই আইএস-এর অনুসারী ছিলেন বলে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল আইএস দাবি করেছে।
এই ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। তার এই মন্তব্যে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
কেন্টাকির লুইভ্যালে জন্মগ্রহণকারী ৭২ বছর বয়সী আলি বলেন, “আমি একজন মুসলমান। প্যারিসে, সান বের্নার্ডিনোতে অথবা বিশ্বের অন্যান্য জায়গায় নিরপরাধ মানুষ হত্যায় ইসলামিক কোনো কিছু নেই।”
“সত্যিকারের মুসলমানরা জানে তথাকথিত ইসলামি জিহাদিদের নির্দয় সহিংসতা আমাদের ধর্মের মূলগত ধারণার বিরোধী।” -বলেন আলি।
তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন আলি ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তিনি সুন্নি মতবাদের অনুসারী হন।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি ইসলাম ধর্মটিকে বোধগম্য করার কাজে আমাদের রাজনৈতিক নেতাদের উচিত তাদের অবস্থানকে ব্যবহার করা এবং এসব বিভ্রান্ত খুনিরা যে জনগণের নজরকে প্রকৃত ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে তা পরিষ্কার করা।”
রবার্ট গানেল নামে আলির একজন মুখপাত্র জানান, আলির এই বিবৃতি ট্রাম্পের মন্তব্যের ‘সরাসরি প্রতিক্রিয়া’ নয়, মুসলমানরা জিহাদিদের চরমপন্থি দৃষ্টিভঙ্গি অবশ্যই প্রত্যাখ্যান করবেন বলে বিশ্বাস করেন আলি। এই বিবৃতি আলির সেই বিশ্বাসেরই প্রতিফলন।
