২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

সিডনিতে সন্ত্রাসবিরোধী অভিযানে ১৫ বছরের এক কিশোর ও ২০ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 02:14 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার ওই দুজনের বিরুদ্ধে ‘সন্ত্রাসের ষড়যন্ত্র’ করার অভিযোগ আনা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ।

বিবিসি বলছে, সন্ত্রাসের ওই পরিকল্পনায় সিডনিতে অবস্থিত অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশের সদরদপ্তরসহ বিভিন্ন সরকারি ভবনে এবং বেসামরিক মানুষের উপর বিচ্ছিন্ন হামলা চালানোর ছক কষা হয়েছিল বলে দাবি করেছে পুলিশ।

সন্ত্রাসসম্পর্কিত অপরাধের কারণে পুলিশ হেফাজতে থাকা আরো তিনব্যক্তির বিরুদ্ধেও এই পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সিডনিতে চালানো অভিযানের সঙ্গে তাদেরও সম্পর্ক আছে।

২০১৪ সালের ডিসেম্বরে পুলিশের অভিযানে জব্দ করা বিভিন্ন প্রমাণও অভিযানটি পরিচালনায় ভূমিকা রেখেছে।

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলারত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীতে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া। দেশটি অভ্যন্তরে বেড়ে ওঠা জঙ্গিদের হামলার সম্ভাবনায় গেল বছর থেকে উচ্চ সতর্কাবস্থায় আছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে মেলবোর্নে সন্ত্রাসবিরোধী দুজন কর্মকর্তাকে ছুরিকাঘাত করার পর এক কিশোরকে গুলি করে হত্যা করে পুলিশ। এরপর ডিসেম্বরে এক বন্দুকধারী সিডনির একটি ক্যাফেতে ক্রেতাদের ১৭ ঘণ্টা জিম্মি করে রাখার পর পুলিশের অভিযানে বন্দুকধারীসহ দুই জিম্মি নিহত হন।

চলতি বছরের অক্টোবরে সিডনিতে পুলিশের একটি সদরদপ্তরে হিসাবরক্ষক কার্টিস চেংকে গুলি করে হত্যা করে ১৫ বছর বয়সী এক কিশোর। পরে সদরদপ্তরের বাইরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই কিশোর নিহত হন।

সন্ত্রাসের ঘটনার সঙ্গে অল্পবয়সী কিশোররা জড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের ডেপুটি কমিশনার ক্যাথেরিন বার্ন।