সিরিয়ার হোমস শহর ছাড়ছে বিদ্রোহীরা
সিরিয়ার বিদ্রোহীরা সরকারের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির আওতায় তাদের দখলে থাকা সর্বশেষ শহর হোমস ছেড়ে যাচ্ছে।
বিবিসি জানিয়েছে, হোমসের আল-ওয়াইর শহরতলী থেকে বিদ্রোহীরা ইদলিব প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় চলে যাচ্ছে। হোমসের ওয়াইর তিনবছর ধরে বিদ্রোহীদের দখলে ছিল।
সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসকে একসময় ‘বিপ্লবের রাজধানী’ আখ্যা দেওয়া হয়েছিল। এ প্রদেশেই প্রথম প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিপ্লব সংগঠিত হয়।
হোমসে আসাদ বিরোধী গণআন্দোলন শুরু হয় ২০১১ সালে। কিছুদিনের মধ্যেই হোমসবাসী বিক্ষোভে অংশগ্রহণ করে হোমস দখল করে।
এখন যুদ্ধবিরতি চুক্তির আওতায় বিদ্রোহীদেরকে হোমস শহর পুরোপুরি সিরিয়া সরকারে হাতে ফিরিয়ে দিতে হচ্ছে। ইদলিব প্রদেশ এখনও বিদ্রোহীদের দখলে থাকায় তাদেরকে সেখানেই চলে যেতে হচ্ছে।
বাসে করে প্রায় ৭০০ বিদ্রোহী বুধবারই শহরটি ছেড়ে চলে যাবে বলে জানিয়েছেন হোমসের গভর্নর তালাল বারাজি।
ওয়াইর এলাকায় একসময় প্রায় তিন লাখ মানুষের বাস ছিল। এখন সেখানে বড় জোর ৭৫,০০০ মানুষের বাস রয়েছে।
