২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামে সংস্কার প্রয়োজন: টনি অ্যাবোট

ইসলাম ধর্মে ‘বড় ধরনের সমস্যা আছে’ এবং এর ‘সংস্কার হওয়া দরকার’ মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 03:20 PM

Updated : 12 Oct 2022, 04:40 PM

মুসলিমদের নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিরূপ মন্তব্যের কারণে যখন দেশে-বাইরে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে, ঠিক সেই সময়েই অ্যাবোট এই মন্তব্য করলেন।

ক্যালিফোর্নিয়ায় এক মুসলিম দম্পতি গুলি চালিয়ে ১৪ জনকে হত্যার প্রেক্ষাপটে সোমবার বক্তব্যে মুসলমানদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা দাবি করেন ‘বেফাঁস’ কথা বলে এরইমধ্যে আলোচনায় আসা ট্রাম্প।

বিবিসি বলছে, অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত এক লেখায় অ্যাবোট বলেছেন, ‘সব সংস্কৃতি সমান নয়’ এবং পশ্চিমকে নিজেদের মূল্যবোধ রক্ষার জন্য ক্ষমার সংস্কৃতি বন্ধ করা উচিৎ।

অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেতা বিল শর্টেন অ্যাবোটের এসব মন্তব্যকে ‘বিপরীত প্রতিক্রিয়া’ হিসেবে অভিহিত করেছেন।  

বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, “মুসলিমদের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ চরমপন্থি কার্যক্রমের কারণে মর্মাহত।”

পার্থে এক সংবাদ সম্মেলনে টার্নবুল বলেন, “সন্ত্রাসীরা যে ভুল আমাদের দিয়ে করাতে চায়, সেই ভুল যেন আমরা না করি তা নিশ্চিত করা খুব জরুরি। অল্প কয়েকজনের অপরাধের দায়ে প্রত্যেক মুসলিমকে অভিযুক্ত করা যাবে না।”

Image
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মুসলিম বিশ্বে সহিংস উপাদান আছে এটা ‘নতুন কোনো তথ্য নয়’ মন্তব্য করে তিনি বলেন, ধর্মটি গণতন্ত্র ও মুক্তসমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মুসলিমরাই চরমপন্থি গোষ্ঠীগুলোর শিকার বেশি হয়েছে।

অবশ্য পূর্বাসুরী অ্যাবোটের লেখার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি টার্নবুল।

চরমপন্থা নিয়ে তার নিজের করা মন্তব্যগুলো সবসময়ই ‘সতর্কতার সঙ্গে হিসাব করা’ জানিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াকে নিরাপদ করার জন্য ও আমাদের নিরাপত্তা বিভাগগুলোর কাজ এখনকার চেয়ে আরো সহজ করার জন্য এভাবে কথা বলি আমি।’

 প্রধানমন্ত্রী হিসেবে জনপ্রিয়তা তলানিতে নেমে যাওয়ার পর সেপ্টেম্বরে দলীয় ভোটাভুটির মাধ্যমে অ্যাবোটকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।  প্রধানমন্ত্রীর পদ হারানোর পর দলের পেছনের সারির একজন আইনপ্রণেতায় পরিণত হয়েছেন টনি অ্যাবোট।