২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ‘পরিত্যক্ত’ বিমানের মালিক খুঁজছে কর্তৃপক্ষ

তিনটি বোয়িং৭৪৭ জেট বিমানের মালিককে খুঁজে বের করার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছেন মালয়েশিয়ার প্রধান বিমানবন্দরের কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 01:50 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বিবিসি বলছে, এসব বিমানের মালিকানা কেউ দাবি করছে না বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।

বিজ্ঞাপনের বলা হয়েছে, “যদি পরবর্তী ১৪ দিনের মধ্যে মালিকরা বিমানগুলো নিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে আমরা এগুলো বিক্রি করার বা এগুলো পরিত্যাগ করার অধিকার সংরক্ষণ করবো।”

বিমানগুলো ল্যান্ড করার ও পার্ক করে রাখার অর্থও পরিশোধ করা হয়নি বলে বিজ্ঞাপনে জানানো হয়েছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানগুলোর মালিক বলে শেষ পর্যন্ত যাদের কথা জানা ছিল তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তারা। 

কুয়ালালামপুরের মালয়েশিয়া এয়ারপোর্টের মহাব্যবস্থাপক জাইনুল মোহাম্মদ ইসা বলেন, “আমি জানি না কেন তারা সাড়া দিচ্ছেন না। তবে এর পেছনে অনেক কারণ থাকতে পারে। হতে পারে বিমানগুলো চালানোর মতো কোনো অর্থ তাদের কাছে নেই।”

তিনি জানান, কয়েক দশকে বেশ কয়েকটি বিমান যেগুলোর প্রায় সবগুলোই ছোট বিমান, পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এগুলোর মধ্যে শেষেরটিকে ১৯৯০-এর দশকে একজন কিনে কুয়ালালামপুরের শহরতলীতে নিয়ে সেটিকে রেস্টুরেন্টে পরিণত করেন।

বিজ্ঞাপনে বিমানগুলোর রেজিস্ট্রেশন নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। এগুলো হল: টিএফ-এআরএম, টিএফ-এআরএন এবং টিএফ-এআরএইচ।

কর্মকর্তারা জানিয়েছেন, ২১ ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরের পাওনা পরিশোধ করা না হলে বিমানগুলো নিলামে বা স্ক্যার্প হিসেবে বিক্রি করে দেওয়া হবে।