২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের বক্তব্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি: পেন্টাগন 

ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিদ্বেষী বক্তব্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে খাটো করা হয়েছে যার মধ্যদিয়ে ইসলামিক স্টেট (আইএস)উজ্জীবিত হয়েছে বলে সতর্ক করেছে পেন্টাগন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 11:58 AM

Updated : 25 Apr 2022, 02:16 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এগিয়ে থাকা ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় প্রাণঘাতী গুলির ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করা উচিৎ বলে মন্তব্য করেছেন।

বিবিসি বলছে, তার মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) মুখপাত্র পিটার কুক বলেছেন, “এ ধরনের বক্তব্যে আইএসআইএল (আইএস) এর দর্শনই উজ্জীবিত হবে।”

মুসলিমদের জন্য সীমান্ত বন্ধ করলে ‘চরম ভাবাদর্শ’ প্রতিহত করার মার্কিন প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করে পেন্টাগন।

ট্রাম্পের নাম উল্লেখ না করে কুক বলেন, “আইএসআইএল এর দর্শনকে উজ্জীবিত করে এ ধরনের কোনো কিছু এবং মুসলিমদের বিশ্বাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে দাঁড় করিয়ে দেওয়া শুধু আমাদের মূল্যবোধবিরোধীই নয়, আমাদের জাতীয় নিরাপত্তারও বিরোধী।”

ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, “আইএসের বিরুদ্ধে লড়াইয়ে এ ধরনের বক্তব্য কোনো গঠনমূলক ফল বয়ে আনবে না।”

২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে গুলি চালিয়ে ১৪জনকে হত্যার ঘটনায় যে তরুণ দম্পতিকে দায়ী করা হচ্ছে, তারা দুজনেই মুসলিম। তারা দুজনেই আইএস-এর অনুসারী ছিলেন বলে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল আইএস দাবি করেছে।