সিঙ্গাপুরে গোয়েন্দা বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র
সিঙ্গাপুরে প্রথমবারের মতো পি-৮ পোসেইডন গোয়েন্দা বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তিও সই হয়েছে।
দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে এ পদক্ষেপ নিল বলে জানিয়েছে বিবিসি।
সোমবার ওয়াশিংটনে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার ও সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রী এন এং হ্যান জানান, প্রথম দফায় ৭ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানটি সিঙ্গাপুরে মোতায়েন থাকবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, পরবর্তীতে আরও কয়েকটি বিমান মোতায়েন করা হতে পারে । সিঙ্গাপুরের পায়া লেবার বিমান ঘাঁটিতে একটি সামরিক নজরদারি বিমান মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
জাপান এবং ফিলিপাইনে এরই মধ্যে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের পি-৮ গোয়েন্দা বিমান। মালয়েশিয়া থেকে এ বিমানের নজরদারি মিশন চালানো হয়।
সোমবার থেকে সিঙ্গাপুরেও এ গোয়েন্দা বিমান মোতায়েন হল। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা মিত্রতা রয়েছে।
যুক্তরাষ্টে্রর বিমান মোতায়েনের নতুন পদক্ষেপে ক্ষুব্ধ চীন কর্তৃপক্ষ মঙ্গলবার তাদের প্রতিক্রিয়া বলেছে, এই অঞ্চলকে সামরিকীকরণ করতেই যুক্তরাষ্ট্রের এ আয়োজন।
দক্ষিণ চীন সাগর নৌ-বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ। চীন দক্ষিণ চীন সাগরের অধিকাংশের মালিকানা দাবি করছে। সম্প্রতি দেশটি সেখানে কৃত্রিম দ্বীপ নির্মাণ করেছে এবং দ্বীপে চারপাশে সামরিক টহলের ব্যবস্থা করেছে।
ফিলিপাইন, ব্রুনাই, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং তাইওয়ানও চীন সাগরের মালিকানা দাবি করে আসছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হা চৌনিনি বলেন, “আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র এভাবে সামরিক উপস্থিতি বাড়িয়ে এ অঞ্চলকে সামরিকীকরণের পথে ঠেলে দিচ্ছে। দীর্ঘ মেয়াদে এ অঞ্চলের দেশগুলোর যৌথ সুবিধার কথা মাথায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়নি।”
“চীন বিশ্বাস করে এ অঞ্চলের অন্যান্য দেশের মতো সিঙ্গাপুরও দক্ষিণপূর্ব এশিয়ায় শান্তি ও সমৃদ্ধি দেখতে চায়।”
