সন্ত্রাসবাদে ব্যবহৃত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম: হোয়াইট হাউজ
সন্ত্রাসবাদের পরিকল্পনা ও উসকানিতে দিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করা হচ্ছে। ফলে এটি প্রতিরোধ করতে ও উসকানিদাতাদের চিহ্নিত করতে সিলিকন ভ্যালির সহায়তা চেয়েছে হোয়াইট হাউজ।
রোববার ওবামা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
গেল সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া নির্বিচার হত্যার ঘটনাটি উগ্রপন্থার বিরুদ্ধে সাইবার প্রতিরক্ষাকে ওয়াশিংটনের বিবেচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা বলেন, “সন্ত্রাসবাদ উসকে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সক্রিয় ও কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে বলে বিশ্বাস করি আমরা। এ বিষয়গুলো আরো ভালোভাবে অনুধাবনে প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর সঙ্গে একটি পদ্ধতি উন্নয়নের ব্যাপারে কথা বলবে হোয়াই হাউস।
ওই কর্মকর্তা বলেন, “বিধিনিষেধের তোয়াক্কা না করে নিজেদের দৃষ্টিভঙ্গী তুলে ধরে সন্ত্রাসের ছক কার্যকর করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা হচ্ছে। এই অবস্থায় প্রযুক্তি খাতকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করা দরকার বলে মনে করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।”
তিনি আরো বলেন, “এটি গভীর উদ্বেগের একটি বিষয় যা চিহ্নিত হওয়া দরকার বলে মনে করি আমরা। এমন কিছু ঘটনা আছে যেখানে আমরা মনে করি ওই উদ্দেশ্যেগুলো সাধনে ওইসব ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে দেওয়া উচিত হয়নি।”
প্রসঙ্গত, জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে ফেইসবুকসহ বেশ কয়েকটি অ্যাপ ১৮ নভেম্বর থেকে বন্ধ রেখেছে সরকার।
এ ব্যাপারে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চাইলে জনপ্রিয় সামাজিক যোগযোগের এই মাধ্যমটির দুই কর্মকর্তা রোববার ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করেছে।
