২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনারেল থান শয়ের সমর্থন পেলেন সু চি

গণতন্ত্রের নেত্রী অং সান সু চিকে মিয়ানমারের ‘ভবিষ্যৎ নেতা’ হিসেবে মেনে নিয়ে তাকে ‘সমর্থন’ দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির সাবেক সামরিক জান্তা জেনারেল থান শয়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 10:05 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

অক্টোবরে মিয়ানমারের সর্বশেষ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমক্রেসি (এনএলডি)। সু চিও তার নিজ আসনে জয়লাভ করেছেন।

সরকার গঠন বিষয়ে আলোচনার জন্য শুক্রবার থান শয়ের সঙ্গে গোপন বৈঠক করেন সু চি।  ওই বৈঠকেই সু চিকে সমর্থন দেন শয়ে। তার নাতির মধ্যস্থতায় বৈঠকটি আয়োজন করা হয়।

পরে ফেইসবুকে এক পোস্টে শয়ে’র নাতি নেই শয়ে থওয়ে অং বলেন,  “প্রায় আড়েই ঘণ্টা ধরে ওই বৈঠক চলে।”

১৯৯২ সালে জেনারেল শয়ে’র নেতৃত্বে মিয়ানমারের সামরিক জান্তা সরকার দেশ পরিচালনা শুরু করে। ২০১১ সালে পদত্যাগ করেন তিনি।

বিবিসি জানায়, ৮০ বছর বয়সী শয়ে এখনও দেশটির প্রভাবশালী নেতাদের একজন।

সু চির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন থওয়ে অং। শয়ে’র বরাত দিয়ে থওয়ে অং বলেন, “তিনিই (সু চি) দেশের ভবিষ্যৎ নেতা হবেন এবং এটিই বাস্তবতা। আমি আমার সমস্ত ক্ষমতা দিয়ে তাকে সমর্থন করব।”

যদিও সু চির মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়ার পথে সাংবিধানিক বাধা রয়েছে।

মিয়ানমারের সংবিধান অনুযায়ী, সন্তান বিদেশি নাগরিক এমন কেউ দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না।

সাংবিধানিক বাধা থাকার পরও এর আগে সু চি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন,  প্রয়োজনে তিনি একজন প্রেসিডেন্ট খুঁজে বের করবেন। কিন্তু ক্ষমতাসীন দলের নেতা হিসেবে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা থেকে তাকে কেউ বিরত রাখতে পারবে না।

সরকার গঠন নিয়ে গত সপ্তাহে মিয়ানমারের প্রধান নেতাদের বৈঠকও হয়েছে। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।