সাগর-তলে বিপুল গুপ্তধনের সন্ধান!
৩০০ বছরেরও বেশি সময় আগে সোনা, রূপা, হীরাসহ নানা বহুমূল্য ধনরাশি নিয়ে ডুবে যাওয়া স্প্যানিশ জাহাজ খুঁজে পেয়েছে কলম্বিয়া।
দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস বলেছেন, “মানব সভ্যতার ইতিহাসে এটিই সবচেয়ে মূল্যবান গুপ্তধনের সন্ধান।”
ব্রিটিশদের আক্রমণে ১৭০৮ সালের জুনে কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলে ডুবে যায় স্পেনের স্যান হোসে গ্যালন তরীটি। এর মাত্র ৬শ’ কর্মীকে উদ্ধার করা গেলেও বাকীদের খোঁজ মেলেনি।
এ জাহাজেরই ধ্বংসাবশেষ কলম্বিয়ার কার্টাগেনা বন্দর নগরীতে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সহায়তার জন্য স্পেনের তৎকালীন রাজা পঞ্চম ফিলিপকে সাউথ আমেরিকান কলোনির বিপুল ধনরত্নবোঝাই এ জাহাজ পাঠানো হচ্ছিল। কিন্তু কার্টাগেনার কাছে জাহাজটি ব্রিটিশদের হামলার শিকার হয়।
তারপর থেকেই স্পেন এবং কলম্বিয়া মিলে জাহাজটির খোঁজ শুরু করে। বহুমূল্য এ রত্নের জাহাজের খোঁজ পাওয়া মানেই ধরকুবের বনে যাওয়া। ফলে রীতিমত প্রতিযোগিতা করে জাহাজটি খুঁজে বের করার চেষ্টা চলে। কিন্তু পানির নিচে অনেক তোলপাড় করেও এতবছর খোঁজ মেলেনি জাহাজটির।
অবশেষে ৩০০ বছরের রহস্যের অবসান ঘটিয়ে গত ২৭ নভেম্বরে কলম্বিয়া জাহাজটির খোঁজ পাওয়ার কথা জানায়। তবে জাহাজটি ঠিক কোন জায়গায় পাওয়া গেছে তা সুনির্দিষ্ট করে জানাননি কর্মকর্তারা।
কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, জাহাজটিতে কমপক্ষে ১০০ কোটি ডলারের সম্পদ ছিল। এইসব ধনসম্পত্তি রাখার জন্য কার্টাগেনায় একটি জাদুঘর করা হবে বলে জানান তিনি।
