২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী হামলায় ইয়েমেনের এডেন প্রদেশের গভর্নর নিহত

ইয়েমেনের এডেন প্রদেশের গভর্নর জাফর মোহাম্মেদ সাদ নিজ গাড়িবহরে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Dec 2015, 01:33 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

রোববার এডেন শহরের পশ্চিমাংশে চালানো এ হামলায় সাদের ছয় দেহরক্ষীও নিহত হন।

স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, গভর্নর সাদ তার দপ্তরে যাওয়ার সময় হামলার ঘটনাটি ঘটে। এতে অন্যান্য বেশ কয়েকজন আহত হন।

এর আগে নিরাপত্তা সূত্রগুলো হামলাকারীরা সাদের গাড়িবহরে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে হামলাটি চালিয়েছে বলে জানিয়েছিল।

সাদ হত্যার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস) জানিয়েছে, আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়ে সাদকে হত্যা করা হয়েছে।

১৯৯০ সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন এক হওয়ার আগে মার্কসবাদী দক্ষিণ ইয়েমেন সেনাবাহিনীর মেজর জেনারেল ছিলেন সাদ। চলতি বছরের অক্টোবরে সাবেক এই জেনারেলকে এডেন প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।   

দেশটির শিয়া হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের অধিকাংশ এলাকা দখল করে আছে। ক্ষমতাচ্যুত সুন্নি প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদি সানা ছেড়ে প্রথমে বন্দর শহর এডেনে আশ্রয় নিলেও পরে হুতি হামলার মুখে প্রতিবেশী দেশ সৌদি আরবে পালিয়ে যান।

মনসুর হাদিকে ক্ষমতা ফিরিয়ে দিতে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় আরব জোট বাহিনী। জোট বাহিনীর সমর্থনে এডেনে হুতি হামলা প্রতিহত করে হাদির অনুসারি সরকারি বাহিনী। 

পরে সরকারি বাহিনী ফের এডেনের নিয়ন্ত্রণ ফিরে পায়। আট মাস নির্বাসনে থাকার পর গাত মাসে এডেনে ফিরে আসেন প্রেসিডেন্ট হাদি। কিন্তু ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের এডেন থেকে তাড়িয়ে দেওয়ার পর থেকেই উগ্র ইসলামপন্থি দলগুলো ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে সক্রিয় হয়ে ওঠে।