নিজ ভূখণ্ড থেকে তুর্কি সেনাদের প্রত্যাহারের দাবি ইরাকের
ইসলামিক স্টেটের (আইএস) দখল করা উত্তর ইরাকের মসুল শহরের কাছে মোতায়েন তুর্কি সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাক সরকার।
বিবিসি বলছে, ইরাকি প্রধানমন্ত্রী হায়দায় আল আবাদির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে ইরাকের অভ্যন্তরে তুর্কি সেনা পাঠানোকে ‘ইরাকের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘণ’ বলে বর্ণনা করা হয়েছে।
প্রকাশিত পূর্ববর্তী প্রতিবেদনগুলো থেকে জানা গেছে, কুর্দি বাহিনীগুলোকে প্রশিক্ষণ দেওয়ার্ উদ্দেশে ইরাকের বাশিকা শহরের কাছে প্রায় ১৫০ জন তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে।
বিবৃতিতে তুরস্ককে ‘প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতি শ্রদ্ধা দেখাতে এবং ইরাকি ভূখণ্ড থেকে তাৎক্ষণিকভাবে (সেনা) প্রত্যাহার করতে’ বলা হয়েছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সঙ্গে তুরস্ক ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও সীমান্ত এলাকার সিরীয় কুর্দি গোষ্ঠীগুলোকে শত্রুভাবাপন্ন মনে করে।
গেল বছর থেকে আইএসের দখলে থাকা মসুল উদ্ধারে ইরাকি বাহিনীর অভিযান পরিকল্পনা বেশ কয়েকবার পিছিয়ে দেওয়া হয়।
