২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেক্সপিয়ারের রান্নাঘরের সন্ধান!

নিউ প্লেসে বিখ্যাত ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ‘রান্নাঘর’ খুঁজে পেয়েছেন যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদরা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 10:35 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

দলটি মাটি খুঁড়ে একটি আগুন জ্বালানোর চুলা ও একটি খাবার সংরক্ষণের (হিমাগার) জায়গা খুজে পেয়েছে। সেখানে একটি ঘরে বিয়ার প্রস্তুত করা হত এমন প্রমাণও পাওয়া গেছে।

এছাড়া থালা, পেয়ালা এবং অন্যান্য হাড়ি-পাতিলের ভাঙ্গা টুকরাও খুঁজে পাওয়া গেছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

স্টাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক  কেভিন কলস বলেন, “এই আবিষ্কার সত্যিই রোমাঞ্চকর। আমরা জানতাম এলাকার এই অংশটি গুরুত্বপূর্ণ। কিন্তু এবছরের আগ পর্যন্ত  একটি গাছের কারণে আমরা এখানে খনন কাজ চালাতে পারছিলাম না।”

“রান্নাঘরে আমরা যেসব জিনিস খুঁজে পেয়েছি সেগুলোর মধ্যে ওভেন ও ফ্রিজ আছে, যা খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির এই অংশেই মূলত শেক্সপিয়ার থাকতেন এবং এই আবিষ্কার তার জীবন এবং জীবনধারণ সম্পর্কে আমাদের আরও অনেক কিছু বলবে।”

শেক্সপিয়ার জীবনের শেষ সময়টা নিউ প্লেসে কাটিয়েছেন। ১৬১৬ সালে এখানে তিনি মারা যান। শেক্সপিয়ার মারা যাওয়ার পর বাড়িটি আর খুব বেশি দিন টিকে ছিল না। বর্তমানে শেক্সপিয়ার বার্থপ্লেস ট্রাস্ট ওই জমিটির মালিক।

এই খননের ফলে শেক্সপিয়ারের মালিকানায় থাকার সময় বাড়িটি দেখতে কেমন ছিল সে সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেতে সুবিধা হবে বলে মনে করছেন শেক্সপিয়ার বার্থপ্লেস ট্রাস্ট কর্তৃপক্ষ।

শেক্সপিয়ার বার্থপ্লেস ট্রাস্টের ‘রিসার্চ অ্যান্ড নলেজ’ বিভাগের প্রধান পল এডমন্ডসন বলেন, “শেক্সপিয়ারের রান্নাঘর আবিষ্কারটি নিউ প্লেস সম্পর্কে জানাশোনার ক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে আবির্ভূত হয়েছে।”

২০১৬ সালে শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যু বার্ষিকী পালন করা হবে।

ওই আয়োজনকে সামনে রেখে শেক্সপিয়ার সম্পর্কে আরও ভালভাবে জানতে ৫০ লাখ ২৫ হাজার পাউন্ডের প্রত্নতাত্ত্বিক প্রকল্পের আওতায় নিউ প্লেসে খনন কাজ চলছে।