২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই তুরস্ক যাচ্ছে জার্মানির নজরদারি বিমান

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা করতে জার্মানির সামরিক নজরদারি বিমান শিগগিরই তুরস্কে পৌঁছবে বলে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Dec 2015, 10:11 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

আজারবাইজান সফর শেষে দাভুতগলু শুক্রবার সাংবাদিকদের বলেন, বিমানগুলো  তুরস্কের ইনসারলিক বিমান ঘাঁটিতে পৌঁছবে।

এর আগে শুক্রবার দিনের শুরুতে জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষে সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে দেশটির সামরিক অভিযানে যোগ দেওয়ার প্রস্তাব পাস হয়।

অভিযানের অংশ হিসেবে জার্মানি ছয়টি টর্নেডো জেট, একটি ফ্রিগেট যুদ্ধজাহাজ যা ফ্রান্সের  বিমানবাহী রণতরী শার্ল দ্য গলের সুরক্ষায় কাজ করবে, জ্বালানী বহনকারী বিমান এবং ১২শ’ সেনা সদস্যকে সিরিয়ায় পাঠাবে।

যদিও আইএস এর বিরুদ্ধে অভিযানে ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার মতো বিমান হামলা চালাবে না জার্মানি। তবে তারা মার্কিন নেতৃত্বাধীন জোটকে সামরিক সহায়তা করবে।

গত মাসে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে তুরস্ক-সিরিয়া সীমান্তে তুর্কি জঙ্গিবিমান থেকে গুলি করে একটি রুশ বোমারুবিমান ভূপাতিত করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ রাশিয়া তুরস্কের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

দাভুতগলু বলেন, “রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপের কারণে তুরস্কের অর্থনীতিতে যে নেতিবাচ প্রভাব পড়েছে বিশেষ করে পর্যটন ও কৃষি বিভাগের যেসব কোম্পানি ক্ষতির মুখে পড়েছে তাদের ক্ষতিপূরণ কিভাবে দেয়া যায় সে বিষয়টি সরকার বিবেচনা করে দেখছে।”

রাশিয়ার উপর নির্ভরতা কমাতে তুরস্ক ভিন্ন ভিন্ন উৎস থেকে জ্বালানী আমদানি করতে চাইছে। দেশটি খুব সম্ভবত আজারবাইজানের ট্রান্স-আনাতোলিয়ান পাইপলাইন থেকে ৬শ’ কোটি কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস কিনতে চাইছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

ধারণা করা হচ্ছে এ বিষয়ে আলোচনার জন্যই আজারবাইজানে গিয়েছিলেন দাভুতগলু।