১৩৭ বছরে প্রথম ‘দ্য হিন্দু’ প্রকাশে ছেদ
সেই ১৮৭৮ সাল থেকে প্রতিদিন প্রকাশ হয়ে আসছে দৈনিকটি। ১৩৭ বছরে একবারের জন্যও বন্ধ হয়নি। কিন্তু এত বছর পর প্রথমবারের মতো একদিন পত্রিকাটির প্রকাশ বন্ধ থাকে।
বিবিসি বলছে, দক্ষিণ ভারতের চেন্নাই শহরে বন্যার কারণে বুধবার পত্রিকাটির প্রকাশ ব্যাহত হল। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ছাপাখানায় প্রবেশ করতে পারেননি এর কর্মীরা।
এত বছরে এ ধরনের ঘটনা এবারই প্রথম ঘটলো বলে জানিয়েছেন পত্রিকাটির প্রকাশক এন মুরালি।
মাত্র দুইদিনে সারা মাসের সমপরিমাণ বৃষ্টিপাতে পুরো তামিলনাড়ু রাজ্যজুড়েই অচলাবস্থা তৈরি হয়।
আকস্মিক বন্যায় চেন্নাই বিমানবন্দরও পানির নিচে তলিয়ে যায়। বন্ধ হয়ে যায় বিমান ও ট্রেন চলাচল। শত শত মানুষকে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হচ্ছে।
দ্য হিন্দু পত্রিকার সদরদপ্তর চেন্নাইয়ে। তবে ভারতের আরো ১৭টি শহর থেকে দৈনিকটি একযোগে প্রকাশ করা হয়।
জনাব মুরালি বলেন, “ছাপাখানা যারা চালান তাদের পক্ষে আমাদের মারাইমালাইনগর টাউনশিপে প্রবেশ করার উপায় ছিল না। তাই আমাদের কোনো কর্মী সেখানে পৌঁছতে পারেননি। ছাপাখানাটি মারাইমালাইনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে।
“ছাপাখানাটি খুব বড় হওয়ায় শহরের বাইরে স্থাপন করা হয়েছে। তবে আমরা পত্রিকা যদি ছাপতেও পারতাম, আমার সন্দেহ এটি হয়তো শহরে বিলি করতে পারতাম না।”
তবে চেন্নাই শহর থেকে প্রকাশিত অন্যান্য পত্রিকা যেমন, টাইমস অব ইন্ডিয়া, দ্য ডেকান ক্রনিকল, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ছাপা হয়েছে, তবে এগুলো শহরে বিলি করা গেছে কিনা তা জানা যায়নি।
বৃষ্টির জলে আটকে পড়া হাজার হাজার শহরবাসীকে উদ্ধারে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরের রানওয়ে ও টারমাকে পানি প্রবেশ করায় অনির্দিষ্টকালের জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।
চেন্নাইয়ের অধিকাংশ রাস্তাই পানিতে তলিয়ে আছে। বন্যার কারণে নভেম্বর থেকে শুরু করে ১৭ দিন যাবৎ শহরের স্কুলগুলো বন্ধ রয়েছে।
মঙ্গল ও বুধবারের প্রবল বৃষ্টির কারণে রাজ্যের ছয়টি জেলার স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।
