রাশিয়াকে উপেক্ষা করে মন্টেনেগ্রোকে জোটে ডাকল নেটো
রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে মন্টেনেগ্রোকে আনুষ্ঠানিকভাবে নেটোতে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা।
২০০৯ সালের পর এই প্রথম নেটো সদস্য সংখ্যা বাড়াচ্ছে। বুধবার নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ মন্টেনেগ্রোকে জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
টুইটে মন্টেনেগ্রোর প্রেসিডেন্ট মিল জুকানভিচ লেখেন, “আজ আমরা গর্বের সঙ্গে নেটোর সদস্য হওয়ার আমন্ত্রণপত্র গ্রহণ করেছি। মন্টেনেগ্রোর জন্য এ এক ঐতিহাসিক দিন। ২০০৬ সালে স্বাধীনতা লাভ করার পর আজ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।”
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মেন্টেনেগ্রোর পররাষ্ট্রমন্ত্রী আইগর লুকসিক বলেন, “এটি চমৎকার মিত্রতার সূচনা।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার বলেছেন, পূর্বের দিকে নেটোর সম্প্রসারণ ঘটতে থাকলে রাশিয়া এর পাল্টা জবাব দেবে।
এর আগে সেপ্টেম্বরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নেটো সম্প্রসারণকে ‘ভুল পদক্ষেপ’ এবং ‘উস্কানি’ বলেও আখ্যা দিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে নেটোর সম্প্রসারণ রাশিয়ার জন্য হুমকি নয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়ার কারণে মন্টেনেগ্রোকে নেটোতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়নি।
“নেটো কারো জন্য হুমকি নয়। এটি প্রতিরক্ষার জন্য মিত্রতা। খুব সাধারণভাবে বলতে গেলে, এটি মিত্রদের সুরক্ষা দেওয়া। রাশিয়া বা অন্য কেউ নেটোর লক্ষ্য নয়।”
তারপরও মন্টেনেগ্রোর নেটোতে যোগ দেওয়ার উৎসাহে নাখোশ রাশিয়া। ইউক্রেইনে সংঘর্ষ থেকে শুরু করে সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপের বিষয়টিতেও বিপরীত অবস্থানে রয়েছে নেটো ও রাশিয়া।
সর্বশেষ তুরস্ক-সিরিয়া সীমান্তে তুর্কি জঙ্গিবিমান থেকে গুলি করে রুশ বোমারুবিমান ভূপাতিত করার ঘটনার পর নেটো তুরস্কের পক্ষে অবস্থান নেয়। এর ফলে বর্তমানে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এমন সময়ে মেন্টেনেগ্রোকে সদস্যভূক্ত করার নেটোর সিদ্ধান্ত উত্তেজনা আরও বাড়িয়ে তোলার আশঙ্কা আছে।
যদিও স্বাধীনতার পরপরই মন্টেনেগ্রো নেটোর সদস্য হওয়ার প্রক্রিয়া শুরু করে এবং তাদের নয় বছরের প্রচেষ্টার ফল নেটোর এই আমন্ত্রণপত্র।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা তাস জানায়, “নেটো পূর্ব ইউরোপে যেভাবে বিস্তার লাভ করছে এবং যেভাবে নিজেদের সামরিক অবকাঠামো বাড়াচ্ছে তাতে এর জবাব তারা পাবে। বিভিন্ন পর্যায় থেকে মস্কো এ খবর জানতে পেরেছে। রাশিয়া নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহী এবং সেই সঙ্গে সুবিধা গ্রহণের সমতাকে সমর্থন করছে।”
তবে মন্টেনেগ্রো নেটোর কাছ থেকে আমন্ত্রণ পওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পেস্কভ।
তিনি বলেন, “এখন এর আগে আমাদের কাছে ভাবার মতো অন্য অনেক বিষয় আছে।”
বুধবার রাশিয়ার একজন সিনেটরের বরাত দিয়ে রিয়া নিউজ এজেন্সি জানিয়েছে, “মন্টেনেগ্রো নেটোতে যোগ দিলে রাশিয়া দেশটির সঙ্গে যৌথ প্রকল্পগুলো বাতিল করে দেবে।”
