২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ক্লিনিকে গুলি, পুলিশসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় একটি  ক্লিনিকে ঢুকে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছেন এক ব্যক্তি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Nov 2015, 08:53 AM

Updated : 22 Aug 2022, 02:04 PM

স্প্রিংস শহরে শুক্রবার বিকালের আকস্মিক এই হামলায় আহত হয়েছেন নয়জন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য। আহতদের পাঁচজনও পুলিশের কর্মকর্তা।

ক্লিনিক থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কী কারণে প্ল্যানড প্যারেন্টহুড ক্লিনিকে এই হামলা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই ক্লিনিকে জন্ম নিয়ন্ত্রণে গর্ভপাত করা হত।

যুক্তরাষ্ট্রজুড়ে প্ল্যানড প্যারেন্টহুড গ্রুপের প্রায় ৭০০ ক্লিনিক ও ৫৯টি সহযোগী সংগঠন রয়েছে। গর্ভপাতবিরোধীরা অনেকদিন ধরেই এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন করে আসছে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম গ্যারেট সসে (৪৪), তিনি ছয় বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে বলে শহরের মেয়র জন সুথার জানিয়েছেন।

ঘটনার পর হাসপাতালের সঙ্গে সবগুলো সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতাল সংলগ্ন দোকানিদেরও দোকানের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ‘ক্রিটিকাল রেসপন্স ভেহিক্যাল’ মোতায়েনের ঘোষণা দিয়েছে নিউইয়র্ক সিটি পুলিশ। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের নিকটবর্তী একটি সেলুনের ম্যানেজার ডেনিস স্পেলার স্থানীয় এক সংবাদপত্রকে জানান, ঘটনা শুরুর ৫ মিনিটের মধ্যে তিনি কমপক্ষে ২০টির গুলির শব্দ শুনতে পান।

“এসময়  দুই পুলিশ সদস্যকে দেখতে পাই, যাদের একজন মাটিতে লুটিয়ে পড়েন। অন্যজন আহত সদস্যকে পুলিশ ভ্যানের পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।”   

ঘটনার পর প্ল্যানড প্যারেন্টেডহুড ক্লিনিক জানিয়েছে, হাসপাতালই হামলার লক্ষ্যবস্তু ছিলো কি না, তা তারা নিশ্চিত হতে পারেননি।

এক বিবৃতিতে হাসপাতালের প্রধান নির্বাহী ভিকি কওয়ার্ট বলেন, “আমরা আমাদের রোগী, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও আইন-শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন।”