মালির হোটেলে জঙ্গি হামলায় নিহত ১৯
মালির রাজধানী বামাকোতে বিলাসবহুল একটি হোটেলে জঙ্গি হামলার ১৯ জন নিহত হয়েছে।
এ ঘটনায় আরও সাত জন আহত হয়েছে বলে জানিয়েছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোওবাকার কেটিয়া।
মালির বিশেষ বাহিনী হোটেল থেকে বিদেশি নাগরিকসহ ১৭০ জন জিম্মেকে উদ্ধার করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে কেটিয়া বলেন, “আজ রাতে নিহতের সংখ্যা অনেক বেশি।”
তিনি দেশ জুড়ে ১০ দিনের জরুরি অবস্থা জারি করার পাশাপাশি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় বন্দুকধারীরা বামাকোর রেডিসন ব্লু হোটেলে হামলা করে এবং হোটেলের শতাধিক স্টাফ ও অতিথিদের জিম্মি করে।
জাতিসংঘের শান্তিরক্ষী এবং মার্কিন ও ফরাসি বাহিনীর সহযোগিতায় মালির বিশেষ বাহিনী হোটেলে অভিযান চালায় এবং জিম্মিদের উদ্ধার করে।
সাত ঘণ্টারও বেশি সময়ের অভিযানে জিম্মি সঙ্কটের অবসানের পর একজন নিরাপত্তা কর্মকর্তা তাৎক্ষনিকভাবে রয়টার্সকে বলেছিলেন, অভিযানে দুই হামলাকারী নিহত হয়েছে।
ওই সময় জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছিলেন, জাতিসংঘের শান্তিরক্ষীরা হোটেলে তল্লাশি চালিয়ে ২৭ জনের মৃতদেহ পেয়েছে।
তবে এ বিষয়ে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।
আল-কায়েদা সংশ্লিষ্ট মালির উত্তরাঞ্চলের আল-মৌরাবিতউন নামের একটি জঙ্গি গোষ্ঠী টুইটে এ হামলার দায় স্বীকার করেছে।
২০১২ সালে মালির উত্তরাঞ্চল দখল করেছিল জঙ্গিরা। এদের কারও কারও সঙ্গে আল কায়েদার যোগ ছিল। ফরাসি বাহিনী সামরিক অভিযান চালিয়ে তাদেরকে উৎখাত করলেও মাঝে মধ্যেই সেখানে সহিংসতার ঘটনা ঘটছে।
গত অগাস্টে সন্দেভাজন জঙ্গিরা মালির মধ্যাঞ্চলের এক শহরের একটি হোটেলে অতিথিদের জিম্মি করে জাতিসংঘের পাঁচ কর্মীসহ ১৩ জনকে হত্যা করে। আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে রাজধানী বামাকো দখলের হুমকি দেওয়ার পর ২০১৩ সালের জানুয়ারিতে সেখানে সেনা মোতায়েন করে ফ্রান্স।
