চীন ও নরওয়ের দুই জিম্মিকে হত্যা করেছে আইএস
এক চীনা ও এক নরওয়েজীয় বন্দীকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসলামিক স্টেট (আইএস) ।
বুধবার নিজেদের অনলাইন ইংরেজী ভাষার সাময়িকী দাবিকের সর্বশেষ সংখ্যায় দুই ব্যক্তির ছবি প্রকাশ করে তাদের নীচে ‘হত্যা করা হয়েছে’ লেখা ছাপিয়েছে জঙ্গিগোষ্ঠীটি।
কিন্তু কখন, কোথায় ও কেন এদের হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
অসলোতে এক সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সুরবার্গ জানান, নরওয়েজীয় নাগরিক পররাষ্ট্র মন্ত্রণালয় যার নাম উলে ইউয়ান গ্রিমসগার্দ-স্তারোয়া বলে জানিয়েছে, সম্ভবত খুন হয়েছেন।
সুরবার্গ সেপ্টেম্বরে জানিয়েছিলেন, এক নরওয়েজীয় জানুয়ারি থেকে সিরিয়ায় জিম্মি হয়ে আছেন, তিনি আইএসের হাতে বন্দি হয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
আইএসের ঘোষণা সত্বেও নরওয়েজীয় সরকার ঘটনাটি যাচাই করার চেষ্টা করছে বলে জানিয়ে সুরবার্গ বলেন, “আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা করছি।”
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা পররাষ্ট্রমন্ত্রী বোয়ের্গে বৃন্দে বলেন, আইএসের প্রকাশিত ছবিটির বিষয়ে নরওয়ে সরকারের কোনো সন্দেহ নেই।
বেইজিংয়ে অপর এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই এ ঘটনার প্রতিক্রিয়ায় ‘গভীর মর্মবেদনা’ প্রকাশ করে জানান, চীনা নাগরিককে হত্যার বিষয়টি যাচাই করে দেখছেন তারা।
সেপ্টেম্বরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের এক নাগরিক আইসের হাতে আটক হয়ে থাকতে পারে বলে জানিয়েছিল। ওই জিম্মির মুক্তির জন্য চীন সরকার চেষ্টা করছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছিলেন লেই।
জিম্মি চীনা নাগরিককে ৫০ বছর বয়সী ফ্যাং জিংহুই এবং তিনি বেইজিংয়ের একজন ফ্রিল্যান্স পরামর্শক বলে জানিয়েছিল আইএস। কিন্তু তখন জিংহুই এর পরিচয় নিশ্চিত করেনি চীন সরকার।
