উত্তর কোরিয়ায় বান কি-মুনের সফর, জাতিসংঘের অস্বীকার
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন, গণমাধ্যমে প্রকাশিত এমন খবর অস্বীকার করেছে জাতিসংঘ।
আগামী সপ্তাহে মহাসচিব উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন না বলে এক বিবৃতিতে জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র।
মহাসচিব বান কি মুন চলতি সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন বলে সোমবার জাতিসংঘের এক সূত্রের বরাতে জানিয়েছিল দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপ। তবে তাদের প্রতিবেদনে কোনো দিন-তারিখ উল্লেখ করা হয়নি।
এরপর বুধবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে জানায়, বান আগামী সপ্তাহের সোমবার উত্তর কোরিয়া সফরে গিয়ে সেখানে প্রায় চারদিনঅবস্থান করবেন। তার সফরসূচি চূড়ান্ত করা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়।
সিনহুয়া এ খবর প্রকাশের পরপরই এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র বলেন, “মহাসচিব আগামী সপ্তাহে ডিপিআরকে (ডেমক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া) সফরে যাচ্ছেন না।”
মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মহাসচিব মুন নিউ ইয়র্কেই থাকবেন, এরপর ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মাল্টায় যাবেন, সেখান থেকে তিনি ৩০নভেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোদ দিতে প্যারিসে যাবেন।
এতে আরো বলা হয়, “মহাসচিব বারবার বলেছেন, কোরীয় উপদ্বীপে শান্তি, স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সংলাপের পরিবেশ তৈরির চেষ্টায় তিনি ডিপিআরকে সফর করাসহ যে কোনো গঠনমূলক ভূমিকাপালন করতে ইচ্ছুক।”
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কারণে দেশটির উপর বহুমাত্রিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও দেশটিরউপর বহুমাত্রিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।
