২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভূমিধসে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ১৬

চীনের পূর্বাঞ্চলীয় ঝেজাং প্রদেশে কয়েকদিনের ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে একটি গ্রামের কয়েকটি বাড়ি চাপা পড়ে অন্ততপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 01:57 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

শুক্রবার রাত ১১টার কিছু সময় আগে ভূমিধসের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি।

এতে লিডং গ্রামের একটি অংশের ৩০টি বাড়ি চাপা পড়ে, আরেকটি অংশ বন্যাকবলিত হয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জন নিখোঁজ রয়েছেন।

ঘটনাস্থলে দুই হাজারেরও বেশি উদ্ধারকর্মী জীবিত ও আহতদের উদ্ধারে কাজ করছে। গ্রামের বন্যাকবলিত অংশটির কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় কর্মকর্তারা একজনকে উদ্ধারের কথা জানিয়ে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও যন্ত্রপাতি এবং নিহতদের পরিবারের সদস্যদের সাহায্যের জন্য মনোবিদ পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, নিখোঁজদের অধিকাংশই শিশু ও বয়স্ক ব্যক্তি। দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় সরকারের পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।