২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের শহরগুলোতে নিরাপত্তা বৃদ্ধি

প্যারিসে সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহতের পর নিউ ইয়র্ক, বোস্টনসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Nov 2015, 07:26 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

তবে কোনো সন্ত্রাসী হামলার হুমিক নয়, পূর্ব সতর্কতা হিসেবে শহরগুলোতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, যে সব এলাকায় পর্যটকে যাওয়া-আসা রয়েছে সেসব স্থান এবং ম্যানহাটনে ফরাসি কনস্যুলেটে কাউন্টার টেররিজম রেসপন্স কমান্ড ও অন্যান্য স্পেশাল ইউনিটের কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।

“আমরা বহির্বিশ্বের ঘটনাবলীর দিকে নজর রাখছি সে বিষয়ে জনগণকে পুনরায় আশ্বস্ত করতে এবং পুলিশের উপস্থিতি নিশ্চিত করার জন্য শহরজুড়ে জনসমাগম এলাকাগুলোতে বিভিন্ন টিম নিয়োজিত করা হয়েছে,” বলা হয়েছে এনওয়াইপিডির এক বিবৃতিতে।

নিউ ইয়র্ক শহরে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ধ্বংস হয়েছিল টুইন টাওয়ার, সেদিন প্রাণ হারিয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের এই শহরটিকে এখনও ইসলামি জঙ্গিদের হামলা পরিকল্পনায় অন্যতম লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হয়।

প্যারিসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রাতে ফরাসি পতাকার রঙের সঙ্গে মিলিয়ে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এবং এক সময়ের টুইন টাওয়ারের জায়গায় থাকা টাওয়ারে নীল, সাদা ও লাল আলোয় আলোকিত করা হয়।

ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার রাতে কাছাকাছি সময় বেশ কয়েকটি জায়গায় গুলিবর্ষণ ও বোমা হামলায় অন্তত ১২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।

নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও এবিসি ৭ টেলিভিশনকে বলেছেন, “সব সময় আমরা এ ধরনের হামলার ঝুঁকি দেখি। এটা স্মরণ করিয়ে দিয়েছে-প্রস্তুত হতে হবে, সতর্ক থাকতে হবে।”

নিউ ইয়র্ক ও নিউ জার্সির বন্দর কর্তৃপক্ষ বলেছে, সব ব্রিজ, টানেল ও রেল স্থাপনার পাশাপাশি লোয়ার ম্যানহ্যাটনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পুলিশ কঠোর সতর্ক অবস্থায় আছে।

টহল বাড়ানোর পাশাপাশি বাস, ট্রেন ও যাত্রীদের ব্যাগ তল্লাশির কথা জানিয়েছে তারা।

নিউ ইয়র্কের বাইরেও আইন-শৃঙ্খলা বাহিনী এবং পরিবহন কর্তৃপক্ষ সতর্কতার কথা জানিয়েছে।

ওয়াশিংটনে ক্যাপিটল কমপ্লেক্স ঘিরে টহল বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ।

“জানা মতে এখন ক্যাপিটল কমপ্লেক্সে হামলার কোনো হুমকি নেই,” বলেছেন ক্যাপিটল পুলিশের এক মুখপাত্র।

ওয়াশিংটনে ফরাসি মালিকানাধীন বিভিন্ন স্থাপনাসহ গুরুত্বপূর্ণ জায়গা ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট।

বোস্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করার কথা জানিয়েছে তারা। ২০১৩ সালের এপ্রিলে এই শহরে ম্যারাথনে বোমা হামলায় ইসলামি জঙ্গিবাদের সমর্থক ছিল।

শুক্রবার রাতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও সেন্ট ভিনসেন্টের মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সেন্ট লুইস পুলিশ ডিপার্টমেন্ট।

সান ফ্রান্সিসকোতে যে সব এলাকা দিয়ে বেশি মানুষের চলাচল রয়েছে সেসব এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি নজরদারি বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় হকি লীগ চলছে পিটসবুর্গে। শহরে সন্ত্রাসী হামলার আশঙ্কা আছে কি না তা খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোয়েন্দাদের সঙ্গে কাজ করছে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।